পাটুরিয়া-দৌলতদিয়া লঞ্চ বন্ধ
প্রচণ্ড বাতাস ও প্রবল ঢেউয়ের কারণে সোমবার বিকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
এতে দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা ঢাকামুখী শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন।
বিআইডব্লিউটিএ এর আরিচা বন্দর কর্মকর্তা কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নৌরুটে ৩৭টি লঞ্চ চলাচল করে।
তিনি বলেন, “বিকালে প্রচণ্ড ঢেউ ও প্রবল স্রোতের কারণে এই নৌরুটে লঞ্চ চলাচলে বিঘ্ন হচ্ছিল। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে বিকাল ৩টার দিকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।”
পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে আবার লঞ্চ চলাচল শুরু করা হবে বলে তিনি জানান।
