ইসরায়েলের ওপর অবরোধের আহ্বান বাংলাদেশের
গাজায় ‘বর্বরোচিত’ হামলার প্রতিবাদ হিসেবে ইসরায়েলের ওপর বিভিন্ন ধরনের অবরোধ আরোপের জন্য জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পক্ষে অবস্থান জানিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, ‘সমালোচনা ও আনুষ্ঠানিক বক্তব্য-বিবৃতি ও প্রস্তাব গ্রহণের’ গতানুগতিক ধারার বাইরে বেরোনোর সময় হয়েছে।
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ন্যামের ‘দ্ব্যর্থহীন’ অবস্থান প্রত্যাশা করেন তিনি।
“ইসরায়েল যেভাবে দমনের জন্য বলপ্রয়োগ করছে একইভাবে ন্যাম সদস্য দেশগুলোরও তাদের প্রত্যাখ্যান করা উচিত, যাতে তারা সভ্য আচরণ করে,” বলেন তিনি।
সোমবার তেহরানে ফিলিস্তিন নিয়ে ন্যাম কমিটির একটি জরুরি বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন উপদেষ্টা রিজভী।
১১ সদস্যের কমিটির একটি সদস্য দেশ হিসেবে ওই বৈঠকে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়।
গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ‘বহু ও দ্বিপক্ষীয় বিভিন্ন পদক্ষেপ’ নিশ্চিত করতে ন্যামের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে একটি ঘোষণা এসেছে ওই বৈঠক থেকে।
গাজা নিয়ন্ত্রণকারী হামাসের রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস করার ঘোষণা দিয়ে গত ৮ জুলাই সেখানে হামলা শুরু করে ইসরায়েল। প্রায় এক মাসের এ অভিযানে এরইমধ্যে দেড় হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক।
ইসরায়েলি বাহিনীর হামলা থেকে প্রাণে বাঁচতে ১৮ লাখের মতো মানুষ ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন।
ইসরায়েলি হামলায় প্রায় তিন হাজারের মতো ঘর-বাড়ি ধ্বংস/ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।
এর আগে বাংলাদেশের পক্ষ থেকে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে অবিলম্বে গাজার বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধের আহ্বান জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ গৃহীত প্রস্তাব, আরব শান্তি পরিকল্পনা ও রূপরেখা অনুযায়ী ‘সমাধান’ চায় বাংলাদেশ।
এছাড়া আরো প্রাণহানি এড়াতে সর্বোচ্চ সহনশীলতা প্রদর্শন এবং পুনরায় শান্তি প্রক্রিয়া সচল করতে সংলাপে শুরুর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
ফাইল ছবি
এদিনও ফিলিস্তিনের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন উপদেষ্টা রিজভী।
তিনি বলেন, ন্যামের উচিত সম্মিলিত শক্তি নিয়ে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানানো ।
“দেশটির ওপর বাণিজ্য অবরোধ আরোপ, মানবতাবিরোধী অপরাধের জড়িত ইসরায়েলি রাজনীতিক, কর্মকর্তা ও ব্যবসায়ীদের ভিসা না দিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষকে শক্তিশালী বার্তা পাঠানো উচিত।”
এছাড়া অস্ত্র বাণিজ্য চুক্তি লংঘনের জন্য ইসরায়েলের সঙ্গে অস্ত্র কেনা-বেচা বন্ধ এবং নিজেদের আকাশসীমায় ইসরায়েলি উড়োজাহাজ চলাচলের অনুমতি স্থগিত করার জন্য ন্যামের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান তিনি।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ওই বৈঠকের উদ্বোধন করেন। গাজার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সভাপতিত্বে বৈঠকে মিশর, দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, তিউনিশিয়া, লেবানন, সিরিয়া ও ভেনেজুয়েলার মন্ত্রী এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, মরক্কো জর্ডানের বিশেষ প্রতিনিধিরা বক্তব্য দেন। ন্যামের অন্যান্য সদস্য দেশের প্রতিনিধিও বৈঠকে ছিলেন।
