২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুন: আরো ২ র‌্যাবের জবানবন্দি

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় সাক্ষী হিসেবে র‌্যাবের আরো দুই সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 06:42 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

সোমবার বিকালে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগম এ জবানবন্দি গ্রহণ করেন।

এরা হলেন র‌্যাব-১১ ল্যান্স নায়েক মো. আব্দুর রাজ্জাক ও সিপাহী মো. আজম।

এ মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মন্ডল জানান, সাত খুনের ঘটনায় পৃথক দুটি মামলায় সাক্ষী হিসেবে র‌্যাব-১১ এর এ দুই সদস্য আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

এর আগে র‌্যাবের সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন  ও লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা, অপরণের ঘটনার তিন প্রত্যক্ষদর্শী, র‌্যাবের দুই সদস্য আব্দুস সামাদ ও আব্দুস সালাম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

এ মামলায় বাদীপক্ষের অ্যাডভোকেট জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, সাত খুনের ঘটনায় পৃথক দুটি মামলায় সাক্ষী হিসেবে র‌্যাব-১১ এর দুই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তার দাবি, “র‌্যাবের এই সদস্যদের মামলার আসামি হওয়ার কথা, কিন্তু তাদেরকে মামলার সাক্ষী করা হচ্ছে, যা ঠিক হচ্ছে না।”

তিনি মামলার ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করে অবিলম্বে র‌্যাবের ওই সদস্যদের মামলার আসামি করার দাবি জানান।

তিনি বলেন, মামলার প্রধান আসামি নূর হোসেন ও তার সহযোগীদের ১১টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হওয়ার পর নয়টি জমা পড়ে, কিন্তু নূর হোসেনের দুটি জমা পড়েনি। প্রশাসনও অস্ত্র দুটি উদ্ধার করতে পারেনি।

গত শুক্রবার ঢাকার মালিবাগ রেলক্রসিংয়ে দুর্ঘটনা না ঘটলে ওই অস্ত্র উদ্ধার হতো না। আরেকটির তো এখনো কোনো সন্ধান নেই, বলেন সাখাওয়াত।