২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্ষণের’ পর হত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এ তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। 

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 08:56 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

শনিবার রাতে চরকাঁকড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সুমি আক্তার (২০) উপজেলার চরফকিরা গ্রামের মো. আবুল বাসারের মেয়ে। দীর্ঘদিন ধরে তিনি পার্শ্ববর্তী চরকাঁকড়া গ্রামে মামার বাড়িতে থাকতেন।

সুমির মামা মাস্টার আবু নাছের জানান, চাকরির সুবাদে তিনি ও তার পরিবারের লোকজন গ্রামের বাড়িতে থাকেন না। ঘরে বৃদ্ধা মাকে দেখাশোনা করার জন্য কেউ না থাকায় গত ৮-৯ বছর ধরে সুমি তাদের বাড়ি থাকছেন।

তিনি জানান, শনিবার রাতে সুমির নানি ঘুমিয়ে গেলেও তিনি না ঘুমিয়ে টেলিভিশন দেখছিলেন।

রাত ১টার দিকে হঠাৎ নানির ঘুম ভেঙ্গে গেলে নাতনিকে পাশে দেখতে না পেয়ে টেলিভিশনের কক্ষে যান। সেখানে গিয়ে দেখেন টেলিভিশন চলছে, ঘরের দরজাও খোলা এবং বিবস্ত্র অবস্থায় সুমি খাটে পড়ে রয়েছেন।

ওই সময় নানির চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে তিনিও বাড়ি আসেন বলে জানান মামা আবু নাছের।

কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান সাজিদ জানান, মৃত্যুর কারণ এখনও বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।