পাবনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
পাবনার সাঁথিয়ায় যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত বাকি বিল্লাহ (৪২) ওই গ্রামের মৃত বাহের মোল্লার ছেলে এবং ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
আতাইকুলা থানার ওসি ফাইজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে দুর্বৃত্তরা বাকি বিল্লাহর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত বাকি বিল্লাহ আগে চরমপন্থী একটি দলের আঞ্চলিক নেতা ছিলেন জানিয়ে ওসি ফাইজুল বলেন, “দল থেকে বেরিয়ে আসায় চরমপন্থীরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
এ ব্যাপারে আতাইকুলা থানায় একটি মামলা হয়েছে।
