ঝিনাইদহে ট্রেন-বাস সংঘর্ষ: মামলা দায়ের
ঝিনাইদহে ট্রেন-বাস সংঘর্ষে হতাহতের ঘটনায় বাস চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।
দুর্ঘটনা কবলিত আন্তনগর ট্রেন সীমান্ত এক্সপ্রেসের চালক মনোয়ারুল কবির শুক্রবার রাতেই খুলনা রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন।
খুলনা রেলওয়ে থানার ওসি আফজাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাসটির (সাতক্ষীরা জ-০৪-২২১৪) চালকের বিরুদ্ধে এ মামলা হয়েছে।
“রেরওয়ে আইনে রেল বা তার কর্মচারীর বিরুদ্ধে মামলা হয় না।”
তিনি জানান, হতাহতদের অভিযোগ বারোবাজার রেল ক্রসিংয়ের গেইটম্যানের দায়িত্বে অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ বারোবাজার স্টেশন ম্যানেজার আবু সানিয়াত তুর্কি ও গেটম্যান আব্দুর রহমানকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হবে বলে জানান ওসি আফজাল।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে দুটি তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন।
রেলের পাকশী ডিভিশনাল ম্যানেজার মোশারফ হোসেন জানান, রেলওয়ের গঠিত তদন্ত কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে।
জেলা প্রশাসক কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমত জাহান বলেন, তদন্ত শুরু হয়েছে। যথাসময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
শুক্রবার ভোরে সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস বারোবাজার রেলক্রসিং পার হওয়ার সময় লাইনে উঠে পড়ে বরযাত্রীবাহী বাসটি।
ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে মুচড়ে যায়। ওই অবস্থায় ট্রেনটি প্রায় আধা কিলোমিটার পথ বাসটিকে ঠেলে নিয়ে থেমে যায়। এতে ১১ জন নিহত ও অন্তত ৫৬ জন আহত হন।
