দুর্ঘটনা কবলিত গাড়িতে পাওয়া অস্ত্র নূর হোসেনের
রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র নারায়ণগঞ্জের সাতখুনের প্রধান আসামি নূর হোসেনের বলে পুলিশ জানিয়েছে।
এছাড়া ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি নূর হোসেনের শ্যালক নূরে আলমের বলেও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
রেলওয়ে পুলিশের উপমহাপরিদর্শক(ডিআইজি) মো. কামরুল আহসান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই প্রাইভেটকার থেকে উদ্ধার করা পিস্তলটি নারায়ণগঞ্জের সাতখুনের মামলার আসামি নূর হোসেনের।
“পিস্তলের নম্বরটি নারায়ণগঞ্জ জেলা পুলিশকে পাঠানোর পর তারা অস্ত্রটি নূর হোসেনের বলে নিশ্চিত করেছে।”
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নূর হোসেনের নামে লাইসেন্স করা দুটি অস্ত্রের একটি পিস্তল এবং অন্যটি টুটু বোর রাইফেল। এই দুটি অস্ত্রেরই লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে অস্ত্র দুটির সন্ধান পাওয়া যাচ্ছিল না।
“রেলওয়ে পুলিশের পাঠানো পিস্তলের নম্বরের সাথে নূর হোসেনের নামে বরাদ্দ হওয়া পিস্তলের নম্বর মিলে গেছে।”
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন জানান, নূর হোসেন এবং তার সহযোগীদের নামে থাকা মোট ১১টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। এই ১১টির মধ্যে নূর হোসেনের দুটি বাদে বাকি নয়টি অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়েছে।
“নূর হোসেনের মিসিং দুই অস্ত্রের মধ্যে এখন একটি পাওয়া গেল,” বলেন তিনি।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হওয়ার তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে ওঠে।
তাদের অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেন বর্তমানে ভারতের কারাগারে আছেন। অপহৃতদের লাশ উদ্ধারের পর লোকচক্ষুর অন্তরালে চলে যান স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর নূর হোসেন। এরপর গত ১৪ জুন কলকাতার নেতাজী সুভাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বাগুইআঁটির একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ।
শুক্রবার বিকাল ৫টার দিকে মালিবাগ রেল ক্রসিংয়ে চট্টগ্রাম থেকে আসা চট্টলা এক্সপ্রেসের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। রেলক্রসিংয়ের প্রতিবন্ধক ফেলার সময় বিপরীত দিক দিয়ে ঢুকে দ্রুত প্রাইভেটকারটি বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানান।
কমলাপুর রেলওয়ে থানার এএসআই জাহিদুল ইসলাম জানান, ওই প্রাইভেটকারে ২০ রাউণ্ড গুলি পাওয়া যায়। তার মধ্যে ১০ রাউণ্ড গুলি উদ্ধার হওয়া পিস্তলের এবং বাকি ১০ রাউন্ড অন্য অস্ত্রের।
ওই গাড়িতে আরো অস্ত্র ছিল বলে ধারণা করছে পুলিশ।
ঘটনার পর প্রাইভেটকার আরোহীরা দ্রুত ওই এলাকা ত্যাগ করায় সেখানে তাদের কাউকে পাওয়া যায়নি জানিয়ে জাহিদুল বলেন, গাড়ির আরোহীদের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়া না গেলেও স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন এম এ রহমান ওরফে আনসার নামের একজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।
“তাকে পুলিশ পাহারায় রাখা হয়েছে। তবে তিনি এখন সিসিইউতে চিকিৎসাধীন থাকায় কথা বলা যাচ্ছে না।”
কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিআরটিএর মাধ্যমে যাচাই-বাছাই করে দেখা গেছে প্রাইভেটকারটি নিউ ইস্কাটনের বাসিন্দা নূরে আলমের। প্রাইভেটকারে তার ছবিসহ গাড়ি কেনার কিছু কাগজপত্র পাওয়া গেছে। গাড়িটি গত মার্চ মাসে কেনা হয়। তবে এখনো লাইসেন্স হয়নি।
“এই নূরে আলম নারায়ণগঞ্জে সাতখুন মামলার প্রধান আসামি নূর হোসেনের শ্যালক বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে,” বলেন তিনি।
