বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ
ঠাকুরগাঁও সীমান্ত থেকে চার জনকে ধরে নিয়ে ফেরত দেয়ার একদিন পর আরেক বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ।
শুক্রবার রানীশংকৈল উপজেলার ধর্মগড় চিকনী চেক পোস্ট এলাকা থেকে স্থানীয় মহিউদ্দীনের ছেলে জাহাঙ্গীর আলমকে (৩২) নিয়ে যায় বলে বিজিবি জানায়।
বিজিবি মলানী ক্যাম্প কোম্পানি কমান্ডার আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য সিদ্দিক আলীসহ কয়েকজন জানান, অন্যান্য দিনের মতো ধর্মগড় চেক পোস্ট ও চিকনী চেক পোস্ট এলাকার লোকজন নাগর নদীতে মাছ ধরতে যায় ও নদীর ওপারে বাংলাদেশ ভূখণ্ডে কৃষি কাজ ও গরু চড়াতে যায়।
বেলা ১১টার দিকে ভারতীয় কুকরাদহ বিএসএফ ক্যাম্পের কয়েকজন সদস্য কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ ভূখণ্ডে নাগর নদীর পাড় থেকে জাহাঙ্গীর আলমকে ধরে নিয়ে যায়।
এর আগে বৃহস্পতিবার দুপুরে এক জন ও বিকালে তিন বাংলাদেশিকে বিএসএফ ও ভারতীয়রা ধরে নিয়ে যায়। পরে একইদিন সন্ধ্যায় বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়।
