২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাকারবারির হামলায় বিজিবির গুলিবর্ষণ

দিনাজপুরের হাকিমপুর সীমান্তে মাদক চোরাচালানকারীদের হামলা ঠেকাতে গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2014, 03:37 PM

Updated : 22 Aug 2022, 06:47 PM

রোববার ভোরে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে একশ বোতল ফেনসিডিল জব্দ করা হয় বলে বিজিবি জানিয়েছে।

জয়পুরহাট-৩ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক নাসির ইমাম রুমী জানান, ভোর সাড়ে ৪টার দিকে হাকিমপুরের বাসুদেবপুর ক্যাম্পের অধীন নওপাড়া সীমান্তের ২৮৬/১০ সাব পিলারের কাছে চোরাচালানকারীরা ভারতীয় ফেনসিডিল নিয়ে ঢোকার চেষ্টা করে।

“সেখানে কর্তব্যরত বিজিবি সদস্যরা বাধা দিলে চোরাচালানীরা তাদের লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে।

“এক পর্যায়ে হামলাকারীরা বাংলাদেশের নওপাড়া ঈদগার কাছকাছি চলে এলে বিজিবি সদস্যরা আত্মরক্ষায় ২২টি গুলি ছোড়েন।”

গুলির মুখে টিকতে না পেরে চোরাচালানকারীরা পালিয়ে গেলে সেখান থেকে ১০০ বোতল ফেনসিডিলভর্তি একটি বস্তা উদ্ধার করা হয় বলে জানান বিজিবি অধিনায়ক নাসির।