দিনাজপুরে পল্লী বিদ্যুতের লাইনম্যানদের কর্মবিরতি
সহকর্মীদের চাঁদাবাজির মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগ এনে তার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর লাইনম্যানরা।
বুধবার সকাল থেকে সমিতির শতাধিক লাইনম্যান এই কর্মবিরতি শুরু করেন।
কারাগারে থাকা দুই লাইনম্যানের জামিন এবং মিথ্যা মামলায় প্ররোচনা দেয়া বিরল উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে ঘোষণা দিয়েছে তারা।
লাইনম্যান বেলাল হোসেন বলেন, বিরল উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান জহুরুল ইসলাম ও সঞ্চয় কুমারের নামে চাঁদাবাজির অভিযোগে একটি মিথ্যা মামলা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর শতাধিক লাইনম্যান অনির্দিষ্টকালের এ কর্মবিরতি পালন করছে।
বেলাল অভিযোগ করেন, প্রায় দুই মাস আগে স্থানীয় প্রভাবশালী মফিজ উদ্দিনের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেয়ার অভিযোগে একটি প্রতিবেদন দেন জহুরুল ও সঞ্চয়। কিন্তু বিরল পল্লী পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি ম্যানেজার রাজ্জাকুর রহমান, জুনিয়র ইঞ্জিনিয়ার হারুন ও আবুল কালাম এ বিষয়ে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো মফিজকে প্ররোচিত করে তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করায়।
এ মামলায় মঙ্গলবার জামিন নিতে গেলে আদালত জামিন না দিয়ে তাদের কারাগারে পাঠায়।
তবে ধর্মঘটেও লাইনম্যানরা জরুরি কাজগুলো চালিয়ে যাওয়ায় তেমন কোন সমস্যা হচ্ছে না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক কাজী মোহাম্মদ আলী।
কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে তিনি জানান, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ডেপুটি ম্যানেজার রাজ্জাকুর রহমান, জুনিয়র ইঞ্জিনিয়ার হারুনের বিরুদ্ধে প্রতিবেদন ইতোমধ্যে প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
