কুড়িয়ে পাওয়া ককটেলে ৩ শিশু আহত
রাজধানীর চকবাজারে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছেন।
আহতরা হল, সাদিয়া (৭), সুলতানা (১০) ও রিফাত (৪)।
চকবাজার থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “চকবাজারের ইসলামবাগের নামাপাড়া এলাকায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে তিনজন শিশু খেলতে বের হয়।”
এ সময় টেনিসবল সদৃশ ককটেল পেয়ে তারা সেটি নিয়ে খেলার চেষ্টা করতেই বিস্ফোরিত হয়। এরপর স্থানীয়রা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ওসি আজিজুল হক জানান, “তাদের আঘাত খুব বেশি নয়। কারা এখানে ককটেল ফেলে রেখেছিল তা তদন্ত করে দেখা হবে।”
