চট্টগ্রামে বিপণীবিতানে ভাংচুর
চট্টগ্রামের নাসিরাবাদে অবস্থিত সানমার ওশান সিটি বিপণীবিতানের পাঁচটি দোকান ভাংচুর করেছে একদল শিক্ষার্থী, যারা ছাত্রলীগের কর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে স্থানীয় এমইএস কলেজের ওই শিক্ষার্থীরা বিপণী বিতানের পঞ্চমতলায় পাঁচটি দোকানে ভাংচুর চালায় বলে পাঁচলাইশ থানার এসআই কামরুজ্জামান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এমইএস কলেজের এক শিক্ষার্থী সানমার ওশান সিটির পঞ্চম তলায় একটি দোকানে গেলে দোকানির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জেরে তার কয়েক সহপাঠী গিয়ে ওই তলার পাঁচটি দোকানে ভাংচুর করে।
এমইএস কলেজের ওই শিক্ষার্থীরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ প্রসঙ্গে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণির সাথে যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।
নগরীর ব্যস্ততম এলাকায় অবস্থিত এই বিপণী বিতানে ভাংচুরের পর প্রতিটি তলায় বেচাবিক্রি বন্ধ হয়ে যায়।
