রাজধানীতে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু
রাজধানীর দক্ষিণ বাড্ডায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে দক্ষিণ বাড্ডার এ ঘটনায় নিহতের নাম রবিউল ইসলাম (২৫)।
বাড্ডা থানার এসআই আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মৃত্যুর আগে রবিউল জানিয়েছেন, তার বাবার নাম আনোয়ার হোসেন। বাড্ডা এলাকার একটি বাসায় তারা ভাড়া থাকেন।”
এসআই আব্দুল্লাহ জানান, ভোর ৪টার দিকে দক্ষিণ বাড্ডার একটি নয়তলা ভবনের চারতলার কার্নিশ দিয়ে ঘর থেকে মানিব্যাগ ও অন্যান্য জিনিসপত্র চুরি হয়।
বিষয়টি টের পেয়ে ওই বাসার লোকজন ‘চোর চোর’ বলে চিৎকার দেয়। এ সময় আশেপাশের লোকজন বেরিয়ে এসে রবিউলকে পেয়ে পিটুনি দেয়।
পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক জানান, রবিউলের মৃত্যু হয়েছে।
