‘সরদার ফজলুল করিম ছিলেন বাতিঘর’
লেখক-অধ্যাপক সরদার ফজলুল করিম বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনে ‘বাতিঘর’ হয়ে পথ দেখাবেন বলে মন্তব্য করেছেন কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
রোববার সিপিবি আয়োজিত স্মরণসভায় সেলিম বলেন, “এদেশের কমিউনিস্ট আন্দোলনে সরদার ফজলুল করিম বাতিঘর হয়ে পথ দেখাবেন। তার জীবন ছিল বৈচিত্র্যপূর্ণ। বিমূর্তভাবে জ্ঞান চর্চার মধ্যে তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেননি। বিপ্লবী আন্দোলনের অংশ হিসেবেই তিনি জ্ঞানচর্চা করেছেন। তাই কখনো দিকভ্রান্ত হননি।”
তিনি বলেন, “বিপ্লবী রাজনীতির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়েছেন, ১১ বছর জেল খেটেছেন। সমাজতন্ত্র-সাম্যবাদের প্রতি সরদার ভাইয়ের ছিল সুদৃঢ় আস্থা। কমিউনিস্ট হিসেবে তার ছিল প্রচণ্ড-গর্ববোধ, বিপুল অহংকার।
“তরুণদের বিপ্লবী আন্দোলনে সব সময় উৎসাহিত করেছেন। কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে আমৃত্যু দেশ ও বিপ্লবী আন্দোলনের জন্য অসামান্য ভূমিকা রেখেছেন।”
সিপিবি’র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেন, “তত্ত্ব আর প্রয়োগের অপূর্ব সম্মিলন ঘটেছে সরদার ফজলুল করিমের মধ্যে। পলায়নবাদী, প্রবঞ্চক, দ্বিধাগ্রস্তদের বিরুদ্ধে তিনি সব সময়ই নিজস্ব ভঙ্গিতে উচ্চকিত ছিলেন।
সরদার ফজলুল করিম (ফাইল ছবি)
উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কামাল লোহানী বলেন, “অসাধারণ প্রজ্ঞা ও অসামান্য লেখনী দিয়ে তিনি জাতিকে সব সময় উজ্জীবিত রেখেছেন। মুক্তিযুদ্ধসহ সমাজপ্রগতির লড়াইয়ে তার অনন্য ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।”
স্মরণসভায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক সফিউদ্দিন আহমেদ, সরদার ফজলুল করিমের মেয়ে আফসানা করিম, জামাতা শাকিল আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, “এদেশের মানব মুক্তির সংগ্রামে সরদার ফজলুল করিমের ভূমিকা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এরকম মানুষ কমিউনিস্ট পার্টিতেই খুজে পাওয়া যায়। সদারের মতো কমরেডরা দেশের জন্য, মানুষের জন্য নিজেদের বিলিয়ে দিয়েছেন।
“তারা পার্টিকে গড়ে তুলেছেন। আবার আবার সরদারদের যোগ্য মানুষদেরকে গড়ে তুলেছে কমিউনিস্ট পার্টি। সরদারদের মতো মানুষদের গড়ে তুলতে পারে যে পার্টি, দেশ গড়তে সেই পার্টিকেই ক্ষমতায় আনতে হবে।”
