চট্টগ্রামে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু
ঈদ উপলক্ষে চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট ও চাঁদপুরগামী আন্তঃনগর ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে।
রোববার সকাল ৯টা থেকে চট্টগ্রাম রেল স্টেশনে আগামী ২৪ জুলাইয়ের টিকেট বিক্রি শুরু হয়।
চট্টগ্রাম স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, প্রথম দিন আটটি ট্রেনের সাড়ে তিন হাজারের বেশি টিকেট বিক্রি হবে।
এর মধ্যে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেসের ৫৩১টি, মহানগর প্রভাতীর ৫৯১টি, চট্টলা এক্সপ্রেসের ৩০৪টি, মহানগর গোধূলির ৫৫৯টি, তূর্ণা নিশীথার ৫০৪টি, সিলেটগামী পাহাড়িকার ৩৯১টি, উদয়নের ৩৩০টি এবং চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের ৪৩৯টি টিকট আগাম পাওয়া হবে।
টিকিট কালোবাজারি ঠেকাতে এবার যাত্রীদের একটি তথ্য ফরম পূরণ করতে হচ্ছে, যেটি পূরণ করে টিকিটের জন্য লাইনে দাঁড়াচ্ছেন তারা। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারছেন।
রেল কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ২৫ জুলাইয়ের আগাম টিকেট বিক্রি হবে সোমবার। একইভাবে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার যথাক্রমে ২৬, ২৭ ও ২৮ জুলাইয়ের আগাম টিকেট বিক্রি করা হবে।
স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, আগামী ২৬ জুলাই থেকে ঈদের আগেরদিন পর্যন্ত চট্টগ্রাম থেকে চাঁদপুরের পথে দুটি করে বিশেষ ট্রেন চলবে। একটি সকাল ১০টা এবং অপরটি বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে।
“ঈদে যাত্রী পরিবহন নির্বিঘ্ন করতে বিভিন্ন ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত করা হবে। এর মধ্যে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসে ২৪ ও ২৫ জুলাই দুটি এবং ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত অতিরিক্ত চারটি করে বগি যুক্ত হবে।”
ঢাকাগামী সুবর্ণ, তূর্ণা নিশীথা ও মহানগর গোধূলি ঈদের সময় ১৮টি করে বগিতে যাত্রী পরিবহন করবে।
