২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' বনদস্যু নিহত

বাগেরহাটের শরণখোলার সুন্দরবন এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘বনদস্যু’ নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2014, 12:13 PM

Updated : 22 Aug 2022, 06:45 PM

পুলিশ বলছে, নিহত নমির তালুকদার (৩৮) নিজের নামে দস্যু বাহিনী বানিয়ে সুন্দরবনে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

নমির বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের সুলতান তালুকদারের ছেলে।

শরণখোলা থানার ওসি কাজী আবদুস সালেক জানান, রোববার ভোর ৪টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জে ভোলা নদীর পূর্ব পাড়ে ওই ‘বন্দুকযুদ্ধ’ হয়।

এতে পুলিশের এসআই গাজী ইকবাল হোসেন ও একজন কনস্টেবল আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে দেশে তৈরি একটি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।

তিনি জানান, শনিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় সদর উপজেলার বেমরতা ইউনিয়নের অর্জুনবহর বাজার গ্রাম থেকে নমিরকে গ্রেপ্তার করা হয়।

“জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী তাকে নিয়ে ভোর ৪টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জে ভোলা নদীর পূর্ব পাড়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। সেখানে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।”

আধা ঘণ্টা ধরে দুই পক্ষের গোলাগুলির এক পর্যায়ে নমির পালানোর চেষ্টা করতে গিয়ে গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান বলে দাবি করেন ওসি।

পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শরণখোলার ওসি বলেন, নমিরের বিরুদ্ধে সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং ডাকাতির অভিযোগ রয়েছে। তার নামে খুলনার দাকোপ, বাগেরহাট মডেল ও শরণখোলা থানায় হত্যা, ডাকাতি এবং চাঁদাবাজির অন্তত আটটি মামলা রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নমির ছিলেন সুন্দরবনের রেজাউল বাহিনীর অন্যতম সদস্য। কিছুদিন আগে তিনি ওই দল থেকে বেরিয়ে এসে নিজের নামে বাহিনী গঠন করে সুন্দবনে দস্যুতা শুরু করেন।