সিরাজগঞ্জে পৃথক ঘটনায় দুইজন খুন
সিরাজগঞ্জে সম্পত্তির দখল নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পৃথক ঘটনায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে এক তাঁত শ্রমিককে।
তাড়াশ থানার ওসি আতাউর রহমান জানান, আলতাফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। মূল হামলাকারী মাধাইনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঠাণ্ডু মেম্বার পলাতক রয়েছেন। তবে তার সহযোগী জাহেদুল ইসলামকে আটক করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে আতাউর জানান, একটি পুকুর নিয়ে আলতাফের সঙ্গে ঠাণ্ডু মেম্বারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সন্ধ্যার দিকেও আলতাফ ও ঠাণ্ডুর মধ্যে বাকবিতণ্ডা হয়।
“এক পর্যায়ে ঠাণ্ডু ধারালো অস্ত্র দিয়ে আলতাফকে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় আলতাফকে বগুড়ার একটি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রোববার ভোরের দিকে তার মৃত্যু হয়।”
এদিকে, বেলকুচি উপজেলার দৌলতপুর সামান্যপাড়া এলাকা থেকে রোববার সকালে তাঁত শ্রমিক সাদ্দাম হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।
বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, সাদ্দাম শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। রোববার সকালের দিকে এলাকাবাসী তার লাশ দেখে পুলিশে খবর দেয়।
“নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, গলায় শ্বাসরোধ করার চিহ্নও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।”
তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে এ বিষয়ে পুলিশ কিছু জানতে পারেনি।
দুটি ঘটনায় তাড়াশ থানা ও বেলকুচি থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
