অমল সেনের জন্মশত বার্ষিকী পালিত
জন্মশতবর্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তেভাগা আন্দোলনের নেতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি অমল সেনকে স্মরণ করেছে নড়াইলবাসী।
এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় শহরের রূপগঞ্জ মুচিরপোল থেকে দলীয় নেতা-কর্মীরা লাল পতাকা শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি রূপগঞ্জ বাজার প্রদক্ষিণ করে আউড়িয়ায় অমল সেন মঞ্চে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও লাল সালাম প্রদান করে।
পরে সেখানে সমাবেশ ও আলোচনাসভার আয়োজন করা হয়।
কর্মসূচিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক নজরুল ইসলাম, নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন, পৌর কমিটির সম্পাদক মাহমুদ হাসান সাইফুল্লাহসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯১৪ সালের ১৯ জুলাই অবিভক্ত ভারতের নড়াইল মহকুমার আউড়িয়া গ্রামে নানা বাড়িতে অমল সেনের জন্ম। সাত ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
১৯৯৩ সালে ঢাকায় অনুষ্ঠিত কংগ্রেসে অমল সেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি নির্বাচিত হন। ১৯৯৬ সালে রাজশাহী কংগ্রেসে বয়স ও শারীরিক অসুস্থতার কারণে সভাপতি পদ থেকে সরে দাঁড়ান। তবে মৃত্যর আগ পর্যন্তু কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে কাজ করে গেছেন তিনি।
২০০৩ সালের ১৭ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
