২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে আত্মহত্যা করল মেয়েটি

প্রতিবেশী বিবাহিত এক যুবকের অব্যাহত যৌন হয়রানির কারণে লজ্জায়, অপমানে আত্মহত্যা করেছে যশোরের স্কুলছাত্রী সুমিতা খাতুন (১৫)।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2014, 04:53 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

সুমিতার স্বজনরা জানান, শুক্রবার বিকালে সে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করে। উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়, রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

সুমিতা যশোর সদরের কাশিমপুর গ্রামের উত্তরপাড়ার ট্রাকচালক বজলুর রহমানের মেয়ে এবং হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় সুমিতার চাচা ফজলুর রহমান বাদী হয়ে তাদের প্রতিবেশী মিলন হোসেন (২৯), তার মা সরুজান বিবি ও বোন আঁখির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

যশোর কোতোয়ালি থানার এসআই শাহিনুর রহমান জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মিলনের স্ত্রী ও এক সন্তান রয়েছে। ঘটনার পর থেকে মিলনের পরিবারের সবাই পলাতক বলে জানান এসআই শাহিনুর। 

সুমিতার চাচা ফজলুর রহমান সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে সুমিতা প্রাইভেট পড়তে যাচ্ছিল হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ে। পথে তাকে জাপটে ধরে পাটক্ষেতে নিয়ে যাওয়ার চেষ্টা করে প্রতিবেশী মিলন।

কিন্তু সুমিতার চিৎকারে মাঠ থেকে কয়েকজন কৃষক ছুটে এলে মিলন পালিয়ে যায়। সুমিতা দৌড়ে গিয়ে আশ্রয় নেয় পাশের শহিদুল্লাহ নামের এক ব্যক্তির বাড়িতে।

ফজলুর রহমান আরো জানান, সুমিতা ও মিলনদের বাড়ির একটাই উঠান। ওইদিনের পর থেকে মিলনের মা সরুজান বিবি ও বোন আঁখি তাকে নিয়ে নানা কটুকথা ও কুৎসা রটাতে থাকে। বকাঝকা করেন সুমিতার অভিভাবকরাও। ফলে সে মানসিকভাবে ভেঙে পড়ে।

তিনি জানান, শুক্রবার বিকালে সুমিতা ওড়না দিয়ে ঘরের মধ্যে ফাঁস দেয়। ঘটনাটি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

ফজলুর রহমান মামলায় আরো অভিযোগ করেন, মিলন প্রায়ই সুমিতাকে উত্ত্যক্ত করত। মাসতিনেক আগেও সুমিতার ঘরে ঢুকে তাকে জাপটে ধরে মিলন। সুমিতার চিৎকারে সবাই ছুটে এলে সে পালিয়ে যায়।