২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসির ভুল স্বীকারের পর ধর্মঘট প্রত্যাহার

দুই শ্রমিককে আটকের প্রতিবাদে মেহেরপুরে ডাকা পরিবহন ধর্মঘট পাঁচ ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছে শ্রমিক নেতারা।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2014, 03:30 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব জানান, সদর থানার ওসি আতিয়ার রহমান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এসে ঘটনার জন্য ভুল স্বীকার করায় শনিবার সকাল সাড়ে ১০টায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

এর আগে মিথ্যা অভিযোগ দুই শ্রমিককে আটক এবং তাদের ছাড়াতে থানায় গেলে শ্রমিক নেতাদের সঙ্গে সদর থানার ওসি খারাপ আচরণ করেছেন- এমন দাবি তুলে প্রতিবাদে ভোর থেকে ধর্মঘটের ডাক দেয় তারা।

এ সময় তারা ওসির অপসারণও দাবি করে।

এ বিষয়ে সদর থানার ওসি আতিয়ার রহমান বলেন, “শহরের পটকা ফাটানোর অভিযোগে পুলিশ শুক্রবার রাত্রে কয়েকজনকে আটক করে। রাতেই শ্রমিক নেতারা দুই জনকে ছাড়াতে থানায় আসলে জানা যায় তারা শ্রমিক।”

“কিন্তু তাদের মুক্তির পরও শ্রমিকরা ধর্মঘট ডাকে। তাই বাধ্য হয়েই সকালে তাদের কার্যালয়ে গিয়ে ঘটনার জন্য স্যরি বলেছি।”

শুক্রবার পটকা ফাটানোর অভিযোগে শহরের মল্লিকপাড়া থেকে তিন জনকে আটক করা হয়, যাদের দুই জন ছিলেন বাসশ্রমিক।