চট্টগ্রামে জাল নোটসহ ২ যুবক আটক
চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে ৬৬ হাজার টাকার জাল নোটসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফাইল ছবি
বায়েজিদ থানার অক্সিজেন এলাকার চেকপোস্টে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. হারুণ (২৫) ও মো. জালাল (২৪) ঢাকা থেকে জাল নোটগুলো বিক্রির জন্য চট্টগ্রাম নিয়ে এসেছিল বলে জানান বায়েজিদ থানার এসআই জাহেদ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, গ্রেপ্তারকৃতরা চৌধুরী হাট থেকে বাসে করে শহরে আসছিলেন।
এসময় চেকপোস্টের সামনে তারা বাস থেকে নেমে গিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে।
এসআই জাহেদ জানান, তিনজনের মধ্যে রুবেল নামে এক যুবক পালিয়ে গেলেও অন্য দুইজনকে আটক করা হয়। পরে তাদের পকেট তল্লাশি করে একহাজার টাকার ৬৬ টি নোট পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জাল নোটগুলো বিক্রির জন্য দুই দিন আগে ঢাকা থেকে চট্টগ্রাম এসে হাটহাজরির চৌধুরী হাট এলাকায় অবস্থান নেয় বলে জানান তিনি।
গ্রেপ্তারকৃত দুইজন ছাড়াও পালিয়ে যাওয়া অপরজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান এসআই জাহেদ।
