২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে তালপট্টি যাওয়ার আহ্বান

দক্ষিণ তালপট্টি নিয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2014, 08:28 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

শুক্রবার শেরপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “ভারতের সঙ্গে সমুদ্র সীমানার মামলায় বাংলাদেশ পাঁচ আনার মধ্যে চার আনা  পেয়েছে। তারপরও খালেদা জিয়া লাফালাফি করছেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“আমরা ডুবুরি নিয়ে যাওয়ার সমস্ত খরচ বহন করব। উনি  টিম নিয়ে তালপট্টিতে গিয়ে ডুব দিয়ে দেখুন ওখানে কী আছে।”

মতিয়া চৌধুরী বিএনপি নেত্রী খালেদা জিয়ার ভারত তোষণের অভিযোগ তুলে বলেন, প্রধানমন্ত্রী থাকাকালে ভারত সফরে গিয়ে তিনি গঙ্গার পানির হিস্যা নেয়ার কথা  বেমালুম ভুলে গিয়েছিলেন।

এছাড়া জিয়াউর রহমানের আমলে ভারতের প্রধানমন্ত্রী  মোরারজি দেশাইয়ের বাংলাদেশ সফর উপলক্ষে ঢাকা শহরে কোরআনের আয়াত লেখা সমস্ত সাইনবোর্ড নামিয়ে ফেলেছিলেন বলে দাবি করেন মতিয়া।

“এসব ঘটনা অনেকে ভুলে গেলেও আমরা ভুলিনি,” বলেন মতিয়া।

সম্প্রতি বাংলাদেশ-ভারত সমুদ্র সীমা নিয়ে মামলার রায়ে আন্তর্জাতিক সালিশি আদালত আনুমানিক ২৫ হাজার ৬০২ বর্গ কিলোমিটারের মধ্যে ১৯ হাজার ৪৬৭ বর্গ কিলোমিটার এলাকা বাংলাদেশকে দিয়েছে, বাকিটা পায় ভারত।

এ রায়ে বাংলাদেশের ন্যায্য প্রাপ্তি হয়নি বলে দাবি করছেন চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষ নেতারা।

রায়ের পর ১০ জুলাই আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপি বলেছে, রায় পক্ষে আনতে আদালতে বাংলাদেশ সরকারের তৎপরতা যথাযথ ছিল না। ফলে বঙ্গোপসাগরে ভারতের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা পেয়েছে।

দক্ষিণ তালপট্টি দ্বীপের এলাকা হারানোর জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করে বিএনপি।

শুক্রবার দুপুরে নকলা উপজেলার গৌরদ্বার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুঃস্থদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল, শাড়ি,শার্ট বিতরণ করেন কৃষিমন্ত্রী।

এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিমসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।