২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্বোধনের এক মাসেই ঝুঁকিতে সেতু

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পোড়াবাড়ি-জামতৈল-নলকা আঞ্চলিক সড়কে নির্মিত গাড়াবাড়ি সেতু উদ্বোধনের এক মাসের মধ্যেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2014, 06:32 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

টানা কয়েকদিনের বৃষ্টিতে সেতুর দুই পাশে অ্যাপ্রোচ সড়কের সিসি ব্লক দেবে যাওয়ায় নড়বড়ে হয়ে গেছে পিলার। এছাড়া সেতুর মাঝে ও একপাশে ফাটল দেখা দিয়েছে।  

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গত ১৪ জুন সিরাজগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর নির্মিত সেতুটি উদ্বোধন করেন।

ওইদিনই সাংবাদিক ও স্থানীয়রা সেতুর নির্মাণ ত্রুটির বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আর্কষণ করলে সিরাজগঞ্জ সওজ কর্তৃপক্ষকে দ্রুত তা মেরামতের নির্দেশ দেন মন্ত্রী।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে সেতুতে ফাটল এবং নির্মাণ ত্রুটির কারণে অ্যাপ্রোচ সড়ক দেবে গেছে।

সিরাজগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান জানান, বৃষ্টির কারণে সেতুর দুই পাশে ধসে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ধসে যাওয়া স্থান মেরামত করছে।

তবে সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন নির্মাণকাজে দায়িত্বপ্রাপ্ত সওজের (এসও) কর্মকর্তা সাদেকুর রহমান।  

তিনি বলেন, “অ্যাপ্রোচ সড়কে নতুন মাটি থাকায় বৃষ্টির কারণে ধস দেখা দিয়েছে।”

এদিকে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না শুক্রবার ক্ষতিগ্রস্ত সেতু পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, “মাত্র এক মাস আগে নির্মিত সেতুতে কেন ধস  ও ফাটল দেখা দিয়েছে তা খতিয়ে দেখা হবে।”

সেতুটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, কামারখন্দ উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত ফারজানা, সিরাজগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান এসময় উপস্থিত ছিলেন।

গত অর্থবছরে ৩১ দশমিক ২০ মিটার দৈর্ঘের সেতুটি নির্মাণের দায়িত্ব পায় নাটোরের মির হাবিবুল অ্যান্ড মির শরিফুল আলম জেবি কোম্পানি। গত বছর ডিসেম্বরে প্রায় পৌনে ৫ কোটি টাকার এ সেতুর নির্মাণ কাজ শুরু হয়।