২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ব্রিটিশ স্পিকারের সঙ্গে শিরীন শারমিনের সাক্ষাত

ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব কমন্সের স্পিকার জন বারকাউ এবং হাউজ অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজার সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2014, 05:19 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

শুক্রবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে হাউজ অব কমন্স ও হাউজ অব লর্ডসের স্পিকারের সঙ্গে আলাদাভাবে সাক্ষাত করেন শিরীন শারমিন।

ব্রিটিশ পার্লামেন্টের দুই স্পিকারই শিরীন শারমিনকে দ্বিতীয় বারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। তারা বলেন, এটা বাংলাদেশে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে একটি মাইল ফলক।

স্পিকার শিরীন শারমিন জাতীয় সংসদের কমিটি ব্যবস্থা, আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে বিল উত্থাপন ও  বিল পাসের পদ্ধতি এবং আইন প্রণয়ন নিয়ে আইন প্রণেতা ও সুশীল সমাজের মধ্যে পরামর্শের সুযোগ থাকার বিষয়ে ব্রিটিশ স্পিকারদের অবহিত করেন।

এছাড়া বাংলাদেশে নারী ক্ষমতায়ন, দারিদ্র বিমোচন, শিশু স্বাস্থ্য ও শিশু অধিকারের সাফল্যের বিষয়গুলোও বৈঠকে তুলে ধরেন তিনি।  

শিরীন শারমিন বলেন, “জাতীয় সংসদে সংসদ নেতা, স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং সংসদ উপনেতা নারী। সব উন্নয়ন কর্মসূচি, নীতিমালা এবং মানব উন্নয়নের সকল সূচকে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন রয়েছে।”

ব্রিটিশ পার্লামেন্টের স্পিকাররা সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন এবং বাংলাদেশ আগামীতে আরো এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।

এসেক্স ইউনিভার্সিটির ‘সম্মানসূচক ডিগ্রি’ নিতে গত সোমবার যুক্তরাজ্যে যান শিরীন শারমিন। আগামী ২২ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।