২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সংঘর্ষ, নারীসহ আটক ৭

যশোর শহরে বৃহস্পতিবার মধ্যরাতে আওয়ামী লীগের দুদলের সংঘর্ষের পর নারীসহ সাত জনকে আটক করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2014, 03:25 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

কোতোয়ালি থানার ওসি সহিদুল ইসলাম জানান, রাত সাড়ে ১২টার পরে পুলিশলাইন টালিখোলা এলাকায় এ সংঘর্ষ হয়। এর পরপরই পুলিশ অভিযান চালিয়ে সাত জনকে আটক ও অস্ত্র উদ্ধার করে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন মিঠু ওরফে নোয়াখালী মিঠুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় দুপক্ষ গোলাগুলি ও হাতবোমা বিস্ফোরণ ঘটায়।   

পুলিশ কর্মকর্তা সহিদুল আরো জানান, সংঘর্ষের খবরে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশের উপর চড়াও হয়। এতে কনস্টেবল জিয়া আহত হন। পরে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।   

এসময় সাত জনকে আটকের পাশাপাশি ১০টি হাতবোমা, চারটি রামদাসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে তিনটি মোটরসাইকেল।

আটকরা হলেন টালিখোলা এলাকার সমীরের স্ত্রী কণিকা, মিজানুর রহমানের স্ত্রী ঝর্ণা, আজিবর রহমানের ছেলে জহুরা বেগম, নজরুল ইসলামের স্ত্রী কোহিনূর বেগম, আব্দুর রহমান ফারাজীর স্ত্রী মনোয়ারা বেগম, প্রয়াত রফিকুল ইসলামের ছেলে নুর ইসলাম এবং আবদুল কাদেরের ছেলে মাহবুব আলম নীলু। সবাই শাহীন চাকলাদারের সমর্থক।

এলাকাবাসী জানিয়েছেন, টুলু (আটক নীলুর ভাই) হত্যা মামলার আসামি যুবলীগ নেতা মিঠূ কিছূদিন আগে জামিন পেয়ে বাসায় ফেরেন। এরপর থেকেই দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

যশোর পুলিশের মুখপাত্র ‍এএসপি (সদর সার্কেল) রেশমা শারমিন জানান, আহত কনস্টেবলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং সংঘর্ষে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।

এবিষয়ে শাহীন চাকলাদারের সঙ্গে যোগাযোগের চেস্টা করে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।