২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে নিহত ১

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 10:19 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

নিহত মো. হোসেন (৩৪) রাঙ্গুনিয়া উপজেলার মরিয়নগর ইউনিয়নের সওদাগর পাড়ার আলী আহসানের পুত্র।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার মরিয়মনগর চৌমুহনি এলাকার এই হামলার ঘটনায় আলতাফ হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) চন্দন চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হোসেন এবং আলতাফ মরিয়নগর বাজারের অদূরে দাঁড়িয়ে ছিলেন। এসময় সিএনজি অটোরিকশা করে আসা মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

ঘটনাস্থলেই হোসেনের মৃত্যু হয় জানিয়ে তিনি বলেন, "আহত আলতাফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"

হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা চন্দন।

স্থানীয় সাংবাদিকরা জানান, হতাহত দুইজনই স্থানীয়ভাবে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।