সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুর
সিরাজগঞ্জ শহরে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এক নেতাকে মারধর ও তার বাড়ি ভাংচুর করেছে অপর পক্ষ।
বুধবার রাতে শহরের রেলওয়ে কলোনীতে ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেনের হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুর-লুটপাট করা হয়।
হামলা ও ভাংচুরের অভিযোগে সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শাহাদত হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন আমজাদ।
দলের স্থানীয় নেতারা জানান, সিরাজগঞ্জ পৌর এলাকার ১৫নং ওয়ার্ড কমিটি নিয়ে শাহাদত হোসেন ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রানার মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। কিছুদিন আগে একটি রাস্তার কাজের জন্য বরাদ্দ পাওয়া দুই টন চাল বিক্রির অর্থ ভাগাভাগি নিয়ে হামলার ঘটনা ঘটে। আমজাদ আমিনুল ইসলাম রানার সমর্থক হিসেবে পরিচিত।
এবিষয়ে আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টিআর প্রকল্পের সঙ্গে আমি জড়িত নই। তবুও শাহাদত আমাকে দোষারোপ করে আমার বাড়ীতে হামলা চালিয়ে বসতঘর ও আসবাব ভাঙচুর করেছে। আমাকে মারধর করেছে।
“এসময় শাহাদতের লোকজন আলমারিতে রাখা স্বর্ণালঙ্কার, কম্পিউটার ও টিভি লুট করে।”
এবিষয়ে জানতে শাহাদত হোসেনের মোবাইলের ফোনে অনেকবার কল করলেও তিনি ধরেননি।
সিরাজগঞ্জ সদর থানার এসআই আব্দুল বারেক জানান, ভাঙচুরের ঘটনায় করা মামলায় ওই এলাকায় অভিযান চালিয়ে প্লেন বাবু নামে একজনকে আটক করা হয়েছে।
