২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক স্ত্রীকে কুপিয়ে স্বামীর ‘আত্মহত্যা’

কয়েক মাস আগে তালাক নেয়া স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন গাজীপুরের এক ব্যাক্তি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 10:29 AM

Updated : 25 Apr 2022, 04:27 PM

জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের এএসআই মো. আলামিন জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভূইয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত হাছেন আলীর (৩২) গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বর উপজেলার কন্যামতি গ্রামে।

আহত সাজেদা বেগমকে (২৫) কোনাবাড়ি শরীফ মেডিকেলে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক খান মোহাম্মদ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাজেদার ঘাড়ে আঘাত লেগেছে, তবে তিনি আশঙ্কামুক্ত। স্বাভাবিক কথাও বলতে পারছেন।”

সাজেদা কাশিমপুরের সারদাগঞ্জ এলাকার ‘জিএমএস’ পোশাক করখানায় কাজ করেন, ভাড়া থাকেন ভূইয়া পাড়ায় লাল মিয়ার বাড়িতে।

হাসপাতালে চিকিৎসাধীন সাজেদা পুলিশকে জানান, পাঁচ বছর আগে হাছেন আলীর সঙ্গে তার বিয়ে হয়। হাছেন আগে রিকশা চালাতেন, মাঝে মধ্যে শ্রমিক হিসাবেও কাজ করতেন। দাম্পত্য কলহের কারণে ৪/৫ মাস আগে তিনি হাছেনকে তালাক দেন।

ঘটনার বিবরণ দিয়ে সাজেদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সন্ধ্যার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে হঠাৎ করে পেছন থেকে এসে তার ঘাড়ে আঘাত করে হাছেন।

এ সময় তিনি মাটিতে পড়ে গেলে হাছেন মনে করেন সাজেদা মারা গেছেন। পরে হাছেন নিজের গলায় ছুরি চালান। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে দুজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক হাছেনকে মৃত ঘোষণা করেন। 

তার লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।