গুলি করে ফলের ভ্যান ছিনতাই
রাজধানীর পলাশীতে চালককে গুলি করে ফলের ভ্যান ছিনতাই হয়েছে।
গুলিবিদ্ধ ভ্যান চালক রানার (৩৫) গ্রামের বাড়ি বরিশাল। ঢাকায় তিনি থাকেন লালবাগের শহীদনগরে। ভ্যানে করে তিনি রাজধানীর বিভিন্ন স্থানে ফল বিক্রি করতেন।
বৃহস্পতিবার ভোরে ছিনতাইয়ের ঘটনার পর আহত রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান,
রানার পেটে গুলি লেগেছে।
রানার স্ত্রী তানিয়া বেগমকে উদ্ধৃত করে মোজাম্মেল জানান, বাদামতলী থেকে ফল নিয়ে মোহাম্মদপুর যাওয়ার পথে পলাশীর মোড়ে কয়েকজন যুবক তার পথরোধ করে। পরে তাকে গুলি করে ফলের ভ্যানটি নিয়ে যায়।
খবর পেয়ে তানিয়া এসে তাকে হাসপাতালে নিয়ে যান। ভ্যানে কী পরিমাণ ফল ছিল তানিয়া তা পুলিশকে জানাতে পারেননি।
