৩ ঘণ্টা অবরোধের পর রংপুর-ঢাকা মহাসড়ক স্বাভাবিক
গাইবান্ধার সাদুল্লাহপুরে এক ইউপি চেয়ারম্যানের ওপর হামলায় বিক্ষুব্ধ গ্রামবাসীর অবরোধে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে ।
এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পরে। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। রাজধানী ঢাকার সঙ্গে রংপুরের আট জেলা কার্যত বিছিন্ন হয়ে পড়ে।
সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, রাতে অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল রানা ঘটনাস্থলে গিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষুদ্ধ এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
এলাকাবাসী জানায়, স্থানীয় একটি স্কুলের পরিচালনা পর্ষদের পদ নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বড় ভাই ফিরোজ কবির মাসুদের সঙ্গে পাশের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ রচি আলম টারজানের বিরোধ চলে আসছে। এর জের ধরে বুধবার রাত ৯টার দিকে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
পরে রাত ১০টার দিকে দলবল নিয়ে ইউনিয়ন তথ্য কেন্দ্রে হামলা চালায় টারজান। এ সময় তথ্য কেন্দ্রের কম্পিউটার, প্রিন্টার, ফটোকপি মেশিন ও আসবাবপত্র ভাংচুরের পাশাপাশি দুই গ্রাম পুলিশসহ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন ও তার ছোট ভাই জাহিদ হাসান সেলিমকে পিটিয়ে আহত করে তারা।
হামলাকারীদের ছুরিকাঘাতে আহত সেলিম রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন বলে শিপন জানান।
