২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনুদান কমানো’ নিয়ে ব্যাখ্যা দিল ভারত

ভারতের নতুন সরকার আগের অর্থবছরের চেয়ে এবার বাংলাদেশের অনুদান কমিয়েছে বলে প্রকাশিত খবরের বিষয়ে নয়া দিল্লির অবস্থান ব্যাখ্যা করেছে ঢাকায় দেশটির হাই কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 01:43 AM

Updated : 25 Apr 2022, 04:27 PM

বুধবার হাই কমিশনের এক মুখপাত্র বলেছেন, বাংলাদেশকে দেয়া ১০০ কোটি ডলার ঋণের মধ্যে প্রতিশ্রুত অনুদানের অর্থ ভারত ছাড় দেয়ায় গত বছরে বাংলাদেশের অনুদানের পরিমাণ বেড়েছিল।

সম্প্রতি ভারতীয় বিভিন্ন সংবাদপত্রের বরাত দিয়ে বাংলাদেশি গণমাধ্যমের খবরে বলা হয়, নরেন্দ্র মোদির সরকার এ বছর বাংলাদেশের অনুদান কমিয়ে দিয়েছে।

বিজেপি নেতা নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার গঠন হলে ঢাকা-দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনেকের মধ্যে সংশয় ছিল গত এপ্রিলে অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনের আগে।  

তবে সরকার গঠনের পর গত মাসে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে ঢাকা পাঠান মোদি, যা ছিল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সুষমার প্রথম বিদেশ সফরে।

ওই সফরে ঢাকা-দিল্লি সম্পর্কের শুধু ধারাবাহিকতা রক্ষা নয়, এ সম্পর্ককে আরো জোরদার করার বার্তা দিয়ে যান সুষমা।

হাই কমিশনের মুখপাত্র বলেন, বাংলাদেশের জন্য ২০১০-১১ অর্থবছরে ৬ কোটি, ২০১১-১২ অর্থবছরে ৩ কোটি, ২০১২-১৩ অর্থবছরে ৩০ কোটি, ২০১৩-১৪ অর্থবছরে ৫৮০ কোটি এবং ২০১৪-১৫ অর্থবছরে ৩৫০ কোটি রুপি বরাদ্দ দেয়া হয়েছে।

তবে বাংলাদেশকে দেয়া ১০০ কোটি ডলার ঋণের মধ্যে প্রতিশ্রুত ২০ কোটি ডলার অনুদানের মধ্যে একটা অংশ ছাড় দেয়ায় গত অর্থবছরে অনুদানের পরিমাণ বেড়ে যায়।

২০১২ সালে ঘোষিত ২০ কোটি ডলার অনুদানের মধ্যে ২০১২-১৩ অর্থবছরে ৫ কোটি এবং গত অর্থবছরে ১০ কোটি ডলার ছাড় দেয় ভারত।

এবার প্রতিশ্রুত ওই ২০ কোটি ডলার অনুদানের অর্থ গত বছরের মতো না থাকায় ২০১৪-১৫ অর্থবছরে বাজেটে বাংলাদেশের জন্য ৩৫০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে বলে হাই কমিশনের মুখপাত্র জানিয়েছেন।