২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের পেছালো ড্যান্ডি ডায়িংয়ের মামলার ইস্যু গঠন

ড্যান্ডি ডায়িংয়ের ৪৫ কোটি টাকা খেলাপি ঋণের মামলায় বিচার্য বিষয় (ইস্যু গঠন) নির্ধারণে আবারো সময় দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 12:48 AM

Updated : 22 Aug 2022, 06:44 PM

এ নিয়ে অষ্টমবারের মতো এ মামলায় ইস্যু গঠনের জন্য তারিখ পেছানো হলো।

বিবাদীপক্ষের আবেদনে বুধবার ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক মোহাম্মদ রবিউজ্জামান আগামী ৭ অগাস্ট বিষয়টি নিয়ে একটি রিট আবেদনের প্রেক্ষিতে হাই কোর্টের দেয়া আদেশ দাখিল করতে বলেন। তা না হলে ওই দিন মামলায় ইস্যু গঠন হবে।

এ মামলার বিবাদীরা হলেন- ড্যান্ডি ডায়িং লিমিটেড, প্রয়াত সাঈদ এস্কাদরের ছেলে শামস এস্কান্দার ও সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, স্ত্রী বেগম নাসরিন আহমেদ, খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, তার স্ত্রী শাহীনা ইয়াসমিন, কাজী গালিব আহমেদ, শামসুন নাহার ও মাসুদ হাসান।

মামলার ১০ নম্বর বিবাদী মোজাফফর আহমেদের মৃত্যুর পর তার স্ত্রী শামসুন্নাহার ও ছেলে মাসুদ হাসানকে বিবাদী করা হয়।

৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণ খেলাপের অভিযোগে গত বছরের ২ অক্টোবর ঢাকার প্রথম অর্থঋণ আদালতে এ মামলা করেন সোনালী ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

মামলায় বলা হয়, বিবাদীরা ড্যান্ডি ডাইংয়ের পক্ষে ১৯৯৩ সালের ২৪ ফেব্রুয়ারি সোনালী ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন। ওই বছরের ৯ মে ব্যাংক ঋণ মঞ্জুর করে।

২০০১ সালের ১৬ অক্টোবর বিবাদীদের আবেদনে ব্যাংকের পরিচালনা পর্ষদ ঋণের সুদ মওকুফ করে। এরপর ঋণ পুনঃতফসিলিকরণও হয়। কিন্তু বিবাদীরা ঋণ পরিশোধ না করে বরাবর কালক্ষেপণ করেছেন। এরপর ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি ব্যাংকের পক্ষ থেকে চূড়ান্ত নোটিস দেয়া হলেও বিবাদীরা ঋণ পরিশোধ করেননি।