২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুলের জবাব নেই ৯ বছরেও

নয় বছরেও হাই কোর্টের রুলের জবাব না দেয়ায় যশোরের সাংবাদিক শামছুর রহমান হত্যাকাণ্ডের বিচার কাজ থমকে আছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 09:47 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

বুধবার দৈনিক জনকণ্ঠের সাবেক এই বিশেষ প্রতিবেদকের ১৪তম মৃত্যুবার্ষিকী।

২০০০ সালের ১৬ জুলাই যশোরের জনকন্ঠ কার্যালয়ে কর্মরত অবস্থায় দুর্বৃত্তের গুলিতে তিনি নিহত হন।

যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ গনি খান রিমন জানান, একাধিকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে সাংবাদিক নেতৃবৃন্দের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের বিচারের দাবি তোলা হয়।

একই দাবিতে সাংবাদিকরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেন, কিন্তু কোনো অগ্রগতি হয়নি।

শামছুর রহমানের ভাই জনকণ্ঠের যশোর অফিসের স্টাফ রিপোর্টার সাজেদ রহমান বকুল জানান, ২০০১ সালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এই মামলায় ১৬ জনের নামে অভিযোগপত্র দেয়।

কিন্তু বিগত চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর মামলার বর্ধিত তদন্ত করে শামছুর রহমানের ঘনিষ্ট বন্ধু সাংবাদিক ফারাজী আজমল হোসেনকে নতুন করে এ মামলায় আসামি করা হয়।

এ সময় মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীকে বাদ দিয়ে সাক্ষী করা হয় আসামিদের ঘনিষ্টদের।

এই বর্ধিত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ২০০৫ সালের জুনে যশোরের বিশেষ জজ আদালতে এই মামলার অভিযোগ গঠন হয়।

ওই বছরের জুলাই মাসে বাদীর মতামত ছাড়াই মামলাটি খুলনার দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয়।

সাজেদ রহমান বকুল আরো জানান, এ অবস্থায় মামলার বাদী শামছুর রহমানের স্ত্রী সেলিনা আকতার লাকি বিচারিক আদালত পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে ২০০৫ সালের সেপ্টেম্বরে হাই কোর্টে আবেদন করেন।

আবেদনে তিনি বলেন, মামলার অন্যতম আসামি খুলনার শীর্ষ সন্ত্রাসী হিরক পলাতক রয়েছে। হিরকসহ মামলার অন্য আসামিদের সঙ্গে খুলনার সন্ত্রাসীদের সর্ম্পক রয়েছে। ফলে তার (বাদী) পক্ষে খুলনায় গিয়ে সাক্ষ্য দেয়া খুবই ঝূঁকিপূর্ণ।

বকুল জানান, বাদীর এই আপিল আবেদনের প্রেক্ষিতে হাই কোর্ট মামলাটি কেন যশোরে ফিরিয়ে দেয়া হবে না তা জানতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে রুলনিশি জারি করে।

কিন্তু বিগত নয় বছরেও সরকারের পক্ষ থেকে হাই কোর্টের এ রুলের জবাব না দেয়ায় মামলাটির বিচার প্রক্রিয়া আটকে আছে।

মৃত্যুদিবসে কর্মসূচি

শামছুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) নানা কর্মসূচি পালন করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, মঙ্গলবার দুপুর ১২টায় শহরের কারবালা কবরস্থানে তার মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ, বিকাল ৫টায় প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও সন্ধ্যায় ইফতার মাহফিল।

এছাড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন যশোর আলাদা কর্মসূচি গ্রহণ করেছে।