চট্টগ্রামে ৩ প্রসাধনী দোকানের জরিমানা
চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজারে তিনটি প্রসাধনী দোকানকে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বিএসটিআইয়ের অনুমোদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও দাম লেখা না থাকায় বুধবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন এ জরিমানা করেন।
তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোড়কে দাম লেখা না থাকায় মিজান স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দাম ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় সাইমা এন্টারপ্রাইজকে ৫৫ হাজার ও মদিনা স্টোরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
