২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামির হাতকড়া খোলার চেষ্টা, পুলিশের ‘সহযোগী’ গ্রেপ্তার

জনাকীর্ণ আদালতকক্ষে দুই আসামির হাতকড়া খুলে দেওয়ার চেষ্টা করায় পুলিশের সহযোগী হিসেবে পরিচিত এক ব্যক্তি বিচারকের নির্দেশে গ্রেপ্তার হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 10:07 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

গ্রেপ্তারকৃত আমজাদ হোসেন আদালতে দৈনিক ভিত্তিতে পুলিশের ফরমাশ খাটেন।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে এ ঘটনা ঘটে।

আদালতের কর্মচারী আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতে বেলাল ও শাহাদাত হোসেন নামে একটি ডাকাতির মামলার দুই আসামি উপস্থিত ছিলেন। ওই সময় আদালতে অন্য একটি মামলার ‍আসামি জেএমবির পাঁচ সদস্যও ছিলেন।

“বেলাল ও শাহাদাতের মামলার কার্যক্রম শেষ না হতেই আমজাদ তার হাতে থাকা চাবি দিয়ে ওই দুজনের হ্যাণ্ডকাফ খোলার চেষ্টা করেন।”

বিষয়টি আদালতের নজরে আসায় তিনি আমজাদকে গ্রেপ্তারের নির্দেশ দেন বলে জানান এই কর্মচারী।

তিনি বলেন, “হ্যান্ডকাফের চাবি আসল না নকল। আসল হলে ‍তা কীভাবে পুলিশ ছাড়া অন্য কারো হাতে এলো তা জানতে চান আদালত। তিনি মামলা করারও নির্দেশ দেন।”

পুলিশের এসআই জমির উদ্দিন আদালতে থানা-হাজতের দায়িত্বে থাকলেও ওই সময় তিনি উপস্থিত ছিলেন না। দুজন কনস্টেবল এসময় আসামির সঙ্গে ছিলেন।

আদালতে দায়িত্ব পালনকারী নামপ্রকাশে অনিচ্ছুক একটি গোয়েন্দা সংস্থার এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমজাদ হোসেন দৈনিক ভিত্তিতে পুলিশের ফুটফরমাশ খাটেন। মামলার কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে হ্যাণ্ডকাফ খুলে দেয়ার চেষ্টা করে। বিষয়টি বিচারকের নজরে আসে।

কোতোয়ালী থানার ওসি মহিউদ্দিন আহমেদ জানান, আসামির হাতকড়া খোলার চেষ্টার অভিযোগে আমজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা হয়েছে।

এবিষয়ে জানতে চট্টগ্রাম আদালত পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রেজাউল মাসুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।