২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশ পিটিয়ে থানা-হাজতে ব্যবসায়ী

সড়কে গাড়ি রেখে যানজট সৃষ্টির পর এক পুলিশ সদস্যকে মারধর করে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের এক ব্যবসায়ী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 09:33 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

গ্রেপ্তারকৃত মইন উদ্দিন (৪৩) শামসুল হকের ছেলে। তৈরি পোশাকের এই ব্যবসায়ী পশ্চিম বাকলিয়া এলাকার ডিসি রোডের হক ম্যানসনের বাসিন্দা।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) আব্দুর রউফ জানান, মঙ্গলবার বিকালে নগরীর কোতোয়ালী থানার ব্যস্ততম তিন পোলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিকালে রিয়াজ উদ্দিন বাজারের প্রবেশমুখে তিন পোলের মাথা এলাকায় নিজের ব্যক্তিগত গাড়ি রেখে যান ওই ব্যবসায়ী।

“তার গাড়ির কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। অনেকক্ষণ অপেক্ষার পর গাড়ির মালিক মইন উদ্দিন ফিরে আসে। এসময় সেখানে কর্তব্যরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য তার কাছে জবাবদিহি চান। এতে ওই ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যকে মারধর করেন।”

পরে টহল পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে ওই ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানান এসি রউফ।

কোতোয়ালী থানার ওসি মহিউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ সদস্যকে মারধর ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে মইন উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রমজানে নগরীর যানজট নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক পুলিশের পাশাপাশি এপিবিএনের সদস্যরা বন্দর নগরীতে দায়িত্ব পালন করছেন।

রিয়াজ উদ্দিনের বাজারের অন্যতম প্রবেশমুখ তিন পোলের মাথায় একাধিক সড়কের সংযোগস্থল হওয়ায় সেখানে গাড়ির চাপ বেশি থাকে।

পাশাপাশি বিভিন্ন গাড়ি দাঁড় করিয়ে সেখানে বাজারে আসা পণ্য ওঠানামা করা এবং রাস্তার ওপর রাখা যানবাহনের কারণে ওই এলাকায় নিয়মিত যানজটের সৃষ্টি হয়।