ফেনীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
ফেনী সদরে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল যাত্রী এক কলেজ ছাত্র ও এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ফেনী-নোয়াখালী মহাসড়কের তেমুহনি এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন আশরাফুল ইসলাম ছায়েদ (১০) ও তার খালাত ভাই আবদুল্লাহ আল মোমিন জনি (২০)।
নিহতদের এক স্বজন ফিরোজ আহম্মেদ জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী জোনাকি পরিবহনের একটি বাস ফেনী থেকে কাশিমপুরগামী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
নিহত ছায়েদ ফেনী শাহীন একাডেমি স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী ও জনি ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী।
মহাসড়কের মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মো. সালেহ আহম্মেদ পাঠান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মোটরসাইকেলটি উদ্ধার করা হলেও বাসটিকে আটক করা যায়নি।
এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
