অবশেষে রানাকে আসামি করেই অভিযোগপত্র অনুমোদন
নকশাবহির্ভূতভাবে রানা প্লাজা নির্মাণের মামলায় ভবন মালিক সোহেল রানাকে অন্তর্ভুক্ত করেই অবশেষে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার জানান, মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় রানাসহ ১৮ জনের বিরুদ্ধে এই চার্জশিট অনুমোদন পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মামলাপরবর্তী তদন্তে রানার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।”
গত বছর এপ্রিলে সাভারে রানা প্লাজা ধসের পর নির্মাণে অনিয়মের অভিযোগ এনে এই মামলা দায়ের করা হয়। এরপর গত ১২ জুন রানাকে বাদ দিয়েই তার বাবা-মাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
ভবন ধসে সহস্রাধিক প্রাণহানির ঘটনায় পুলিশের করা মামলাগুলোতে সোহেল রানাকে আসামি করা হলেও ভবনের কোনো নথিপত্রে রানার নাম পাওয়ায় প্রথম দফায় রানাকে আসামি করা হয়নি বলে কর্মকর্তারা জানান।
ওই দিন প্রণব সাংবাদিকদের বলেছিলেন, “দুদকের অনুসন্ধানের বিষয় ছিল ভবন নির্মাণে কোনো অনিয়ম হয়েছে কি না তা খতিয়ে দেখা। এই ভবনে রানার সংশ্লিষ্টতার কোনো নথি পাওয়া যায়নি।”
দুদকের এই সিদ্ধান্ত নিয়ে পরে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হওয়ায় তদন্ত শেষে রানাকে আসামির তালিকায় রেখেই চার্জশিট অনুমোদন করল দুদক।
এ বিষয়ে প্রণব কুমার মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্তে দেখা গেছে নকশাবহির্ভূতভাবে রানা প্লাজা নির্মাণের ক্ষেত্রে রানাও জড়িত। এ কারণেই তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।”
অনুমোদিত অভিযোগপত্রে আসামি হিসেবে রানার বাবা আব্দুল খালেক, তার মা মর্জিনা বেগমের সঙ্গে সাভার পৌরসভার তৎকালীন মেয়র রেফাত উল্লাহর নামও রয়েছে।
বাকি আসামিরা হলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক স্থপতি এটিএম মাসুদ রেজা, প্রকৌশলী সাজ্জাদ হোসাইন, ওই ভবনের ভাড়াটে ফ্যান্টম অ্যাপারেলসের চেয়ারম্যান আমিনুল ইসলাম, নিউ ওয়েভ বটমসের এমডি বজলুস সামাদ এবং ইথার টেক্সের এমডি আনিসুর রহমান।
সাভার পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাভার পৌরসভার টাউন প্ল্যানার ফারজানা ইসলাম, লাইসেন্স পরিদর্শক আব্দুল মোত্তালিব, সাভার পৌরসভার সাবেক সচিব মর্জিনা খান ও সাবেক সচিব আবুল বাশারকেও আসামি করা হয়েছে।
গত বছর ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের চারদিন পর সোহেল রানার সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক, যাকে ওই ভবনের মালিক বলেই চেনে সবাই।
দুদকের অনুসন্ধানে দেখা যায়, বিভিন্ন ব্যাংকে প্রায় ২৩টি হিসাবের মাধ্যমে আর্থিক লেনদেন করতেন সোহেল রানা। তার মালিকানায় রয়েছে সাভারে একটি ৫ তলা আবাসিক ভবন, মানিকগঞ্জের সিঙ্গাইরে একটি দোতলা বাড়ি এবং রানা ব্রিকস ও এম কে ব্রিকস নামে দুটি ইটভাটা।
রানা প্লাজা ধসের চার দিন পর গত বছরের ২৮ এপ্রিল যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার হন সোহেল রানা।
