ঈশ্বরগঞ্জে বাসচাপায় ২ ছাত্রীর মৃত্যু
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে শর্শী এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলো স্বর্ণা আক্তার (১৩) ও শারমিন আক্তার (১৪)।
স্বর্ণা কাকনহাটি গ্রামের জসিম উদ্দিনের মেয়ে ও বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী এবং শারমিন চরপুম্বাইল গ্রামের প্রয়াত আবদুল হাইয়ের মেয়ে ফানুর আশরাফুল উলুম দাখিল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী।
ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক ফারুক আহম্মেদ জানান, উপজেলা সদর থেকে অটোরিকশাযোগে স্বর্ণা ও শারমিন আশ্রবপুর গ্রামে তাদের এক বান্ধবীর বাড়ি যাচ্ছিল।
পথে শর্শী এলাকায় অটোরিকশা থেকে নামার সময় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী শ্যামল ছায়া পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই স্বর্ণার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায় শারমিন।
বাসটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান এসআই ফারুক।
