২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুদান ৪০% বাড়াবে ইইউ

আগামী সাত বছরে বাংলাদেশের অনুদান ৪০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 07:47 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত উইলিয়াম হানা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, আগামী সাত বছর ধরে বর্ধিত হারে এ সহায়তা দেবে তারা।

বর্তমানে প্রতিবছর প্রায় ৫০ কোটি ইউরো বাংলাদেশকে অনুদান দিচ্ছে ইউরোপের ২৮টি দেশের এ জোট।

এদিন ঢাকায় বিদায়ী সংবাদ সম্মেলনে কূটনৈতিক প্রতিবেদকদের সঙ্গে মিলিত হন হানা।

তিনি বলেন, গত প্রায় চার বছর বাংলাদেশে দায়িত্ব পালনকালে এদেশের রাজনীতি ও ব্যবসা-বাণিজ্য কাছ থেকে দেখেছেন। পেশাগত জীবনে বাংলাদেশে দায়িত্ব পালন ছিল তার জন্য ‘সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং’।

“এই সময়টা আমি খুবই উপভোগ করেছি,” বলেন তিনি।

বাংলাদেশের সঙ্গে ইউরোপের চার দশকের সম্পর্কের নানা দিক তুলে ধরে সমঝোতায় পৌঁছানোর জন্য এদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়া বাংলাদেশের চামড়া, চিংড়ি ও চা’র মতো খাতগুলোতে শ্রমিকদের নিরাপত্তা, কর্মপরিবেশ ও তাদের অধিকার রক্ষা এবং পরিবেশের টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন উইলিয়াম হানা।

শিগগিরই জাহাজ ভাঙার ওপর কড়াকড়ি আরোপ করতে যাওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, বর্তমান ও আগামীর বিশ্বে বাজারে প্রবেশাধিকারের সঙ্গে টেকসই উন্নয়ন সম্পর্কিত। এর একটি ছাড়া অন্যটি সম্ভব নয়।

আগামী মাসে ঢাকা ছাড়বেন উইলিয়াম হানা। পাকিস্তানে ইইউর প্রতিনিধি দলের উপপ্রধান পিয়ার মায়োডন তার দায়িত্বে আসবেন।

হানা বলেন, ‘পারস্পারিক শ্রদ্ধা ও অভিন্ন লক্ষ্য নিয়ে অর্থবহ আলোচনার’ ভিত্তিতে বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব গড়ে উঠেছে।

“এ অংশীদারিত্বে দারিদ্র্য বিমোচনের ওপর গুরুত্ব রয়েছে। অগ্রাধিকারের মধ্যে গণতান্ত্রিক শাসন, দরিদ্র ও প্রান্তিকদের মূলধারায় অন্তর্ভুক্তিকরণ, লৈঙ্গিক সমতা, ব্যবসা-বাণিজ্যে দায়িত্বশীলতা, পরিবেশের টেকসই উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ সামলানোর সক্ষমতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার মতো বিষয়গুলো রয়েছে।”

দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সফলতা, প্রাথমিক শিক্ষায় শিশুদের অন্তর্ভুক্তির হার বৃদ্ধি, মা ও সদ্যজাত শিশুর মৃত্যু হার কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশের অর্জনের প্রশংসা করে হানা।

“এসব ক্ষেত্রে বাংলাদেশ একটি মডেল,” বলেন তিনি।

তবে এখনো বিপুল সংখ্যক মানুষ দরিদ্র থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী সাত বছর বাংলাদেশের অনুদান ৪০ শতাংশের মতো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইইউ।

“আমাদের নতুন সহায়তা দিয়ে শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি এবং গণতান্ত্রিক শাসনের উন্নয়নের ওপর গুরুত্ব দেয়া হবে,” বলেন ইইউ রাষ্ট্রদূত।

রাজনৈতিক সমঝোতার জন্য দলগুলোর প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়ে উইলিয়াম হানা বলেন, “আজও আমরা এই আহ্বান জানাচ্ছি। সব সময়ই আলোচনা দরকার। সংঘাত ও সহিংসতা কখনোই সামনে এগোনোর পথ নয়।”

মানবাধিকার রক্ষার প্রতি গুরুত্বারোপ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত।

একটি শক্তিশালী সুশীল সমাজের সক্রিয় উপস্থিতিও দরকার বলে মনে করেন তিনি।

হানা বলেন, “ক্ষমতার অপব্যবহার ও অতি শক্তিপ্রয়োগ থেকে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিরত রাখা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের জবাবদিহির আওতায় আনতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছি।”

পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জানান ইইউ রাষ্ট্রদূত। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের মানবাধিকার রক্ষার উপরও জোর দেন তিনি।

তৈরি পোশাক খাতের কর্মপরিবেশের উন্নয়ন ও শ্রমিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান উইলিয়াম হানা।

এদিন সাংবাদিকদের সঙ্গে মিলিত হওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বিদায়ী বৈঠক করেন তিনি।