দেড় টাকায় সাংবাদিক, দেড় টাকায় উকিল
সাংবাদিক ও আইনজীবীদের প্রতি অশালীন মন্তব্য করা ও আইনজীবীকে গ্রেপ্তার চেষ্টার অভিযোগ তুলে সাতক্ষীরা থানার দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহার দাবি করেছে জেলা আইনজীবী সমিতি।
মঙ্গলবার জেলা আইনজীবী সমিতি ভবনে এক সভায় এ দাবি জানানো হয়।
এছাড়া সভায় থানার ওসি ইনামুল হক ও এসআই হেকমত আলীর বিরুদ্ধে দেশের ৬৪টি জেলায় দেওয়ানী ও ফৌজদারি মামলা দায়েরেরও সিদ্ধান্ত নেয়া হয়।
সম্প্রতি থানায় এক সালিশি বৈঠকে সাংবাদিক ও আনজীবী সম্পর্কে অশালীন মন্তব্য করেন বলে অভিযোগে আদালতে মামলা করেছেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আলম।
সোমবার এ মামলা করার পর দুপুরে ওই আইনজীবীর কার্যালয়ে পুলিশ গিয়ে তাকে পেটানোর হুমকি দেন এবং গ্রেপ্তারের চেষ্টা করেন বলেও অভিযোগ করেন আইনজীবীরা।
আইনজীবীদের সভায় বক্তারা বলেন, আইনজীবী, সাংবাদিক ও নারীদের সম্মান রক্ষার্থে সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট শাহ আলম বাদী হয়ে আদালতে মামলা করেছেন।
এ ঘটনার জেরে ওসি ইনামুল হক মামলার বাদীকে তার কার্যালয় থেকে গ্রেপ্তার করার চেষ্টা করে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন।
আনীজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অ্যাডভোকেট এস এম হায়দার আলী, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, অ্যাডভোকেট আ. রউফ, অ্যাডভোকেট আ. মজিদ, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সম সালাউদ্দীন প্রমুখ।
এসআই হেকমত আলীর বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়, জমিজমা সংক্রান্ত বিষয়ে গত ৪ জুলাই দুপুরে থানা কম্পাউন্ডে এক সালিশি বৈঠক বসে। সেখানে স্থানীয় এক সাংবাদিককে চড় থাপ্পড় মারেন এসআই হেকমত আলী।
এ সময় তিনি বলেন, “সাংবাদিকরা বেয়াদব। দেড় টাকা পেলে সাংবাদিকরা যেকোনো সংবাদ ছাপায়, দেড় টাকা পেলে উকিলরা যেকোনো মামলা করে।”
এছাড়া এক মাহিলাকে খারাপ গালাগালও দেন এসআই হেকমত।
এ ব্যাপারে এস আই হেকমত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৪ জুলাই থানায় কোনো সালিশি বৈঠক বসেনি। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ
মুখ্য বিচার বিভাগীয় হাকিম শিমুল বিশ্বাস মামলাটি দায়ের করা হয়।
বিচারক মামলাটি আমলে আরেক হাকিমকে বিচারবিভাগীয় তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
