ছাত্র খুন: যশোর বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী বহিষ্কার
ছাত্রলীগের ‘কোন্দলের জেরে’ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী হত্যার ঘটনায় চার ছাত্রকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান নিবন্ধক আহসান হাবিব।
এদিকে, এ ঘটনায় মঙ্গলবার যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন রিয়াদের মামা রফিকুল ইসলাম।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক জহুরুল হক জানান, মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সুব্রত ও সাধারণ সম্পাদক শামীমসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস, সাধারণ সম্পাদক এস এম শামীম হাসান, পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ফয়সল তানভীর ও শারীরিক শিক্ষা বিভাগের আজিজুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সোমবার দুপুরের ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং মঙ্গলবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।
আহসান হাবিব বলেন, বেলা ১২টায় অনুষ্ঠিত ওই বৈঠকে চার শিক্ষার্থীকে বহিষ্কারের সঙ্গে বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের দপ্তরগুলোতেও অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করা হয়।
উপচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ডিন ড. শেখ মিজানুর রহমান, ড. আনিসুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রস্তুম আলী, অধ্যাপক আজিজুর রহমান, যশোর সরকারি এম এম কলেজের অধ্যক্ষ ইবাদুল হক, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ দিলিপ কুমার বণিক ও ড.জিয়াউল আলম।
সুব্রত ও শামীমের সংবাদ সম্মেলন
দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক এস এম শামীম এ হত্যার সঙ্গে সম্পৃক্ত নন বলে দাবি করেছেন।
তারা পাল্টা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি বন্ধ করতে উপাচার্য চক্রান্ত করে এ ঘটনা ঘটিয়েছেন।
সোমবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাইমুল ইসলাম রিয়াদ ছুরিকাঘাতে খুন হন।
