২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জ থেকে অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে অপহরণের  আটদিন পর এক শিশুকে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে আটক করা হয়েছে শিশুটির খালাতো বোনকে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 04:30 PM

Updated : 25 Apr 2022, 04:26 PM

মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ শহরের মাড়োয়ারীপট্টির একটি বাসার ছাদ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

আটক সীমা আক্তার মিম (১৯) ঢাকার আব্দুল্লাহপুরের ওসমান গনির মেয়ে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আব্দুল বারিক জানান, এক সপ্তাহ আগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কাচারীপাড়া গ্রাম থেকে অপহৃত হয় কুয়েত প্রবাসী ইকবাল হোসেনের ছেলে শরিফ (০৮)।

এরপর অপহরণকারীরা শরিফের মা পারুল বেগমের মোবাইলে ফোন করে ১০ লাখ মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় পারুল বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন।

এসআই বারিক বলেন, এ ঘটনায় কেরানীগঞ্জ থানার একটি দল সিরাজগঞ্জ থানার সহযোগিতায় সোমবার রাতভর শহরের বিভিন্ন স্থানে অপহৃত শিশুকে উদ্ধারে অভিযান চালায়। সকালে অবিযান চালায় শহরের মাড়োয়ারীপট্টির ওই বাসায়।

“এরপর শহরের এস এস রোডের একটি ভাড়া বাসা থেকে অপহরণ চক্রের সদস্য ও অপহৃত শিশুটির খালাতো বোন সীমা আক্তার মিমকে আটক করা হয়।”

শহরের এস এস রোডের আজম নামে এক ব্যক্তি সীমাকে বাসা ভাড়া করে দেয়া ও খাবার সরবরাহসহ বিভিন্নভাবে সহায়তা করেছে। এছাড়া মুক্তিপণে টাকা পাঠানোর জন্য দেয়া বিকাশ নম্বরটি আজমের এক স্বজনেরও বলে জানান তিনি।

পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, আজম ও তার ওই স্বজনকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে এবং উদ্ধার হওয়া শিশু ও আটক সীমা সিরাজগঞ্জ থানা হেফাজতে রয়েছে।