২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুন করে মোটরসাইকেল ছিনতাই

বাগেরহাট সদর উপজেলায় ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছিনিয়ে নিয়ে গেছে তার মোবাইল ফোনসহ মোটরসাইকেলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 01:28 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

নিহত বাপ্পি শিকদার (২৩) মোরেলগঞ্জ উপজেলার তেলিগাঁতি ইউনিয়নের আবদুস সাত্তার শিকদারের ছেলে। বাগেরহাটের বিভিন্ন এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন তিনি।

বাগেরহাট সদর থানার এসআই মো. সেলিম উদ্দিন জানান, মঙ্গলবার সকালে রাখালগাছি ইউনিয়নের সিএণ্ডবি বাজারের বাবুর শ্মশানঘাটের একটি ডোবা থেকে বাপ্পির লাশ উদ্ধার করা হয়।

তার মাথা, মুখ ও কানের পাশে ধারালো অস্ত্রের সাতটি আঘাতের চি‎হ্ন থাকার কথা লাশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছে পুলিশ।

দুর্বৃত্তরা যাত্রীবেশে বাপ্পিকে হত্যার পর তার মোটরসাইকেল, মানিব্যাগ ও মোবাইল ফোন নিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এসআই সেলিম।

নিহতের পরিবারকে উদ্ধৃত করে তিনি জানান, সোমবার রাত ১১টার দিকে ভাড়ার যাত্রী নিয়ে বাগেরহাট থেকে মোরেলগঞ্জে আসছে বলে মোবাইল ফোনে পরিবারকে জানায় বাপ্পি।

এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাতে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোন হদিস পায়নি পরিবার।

এসআই আরো জানান, সকালে স্থানীয়দের দেয়া খবরে পুলিশ বাবুর শ্মশানঘাটের একটি ডোবা থেকে লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যরা বাপ্পিকে শনাক্ত করেন।