২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাত আটক করে লুন্ঠিত মালামাল উদ্ধার

ঢাকা ও সাভার থেকে দুই জনকে আটকের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী একটি বাড়ি থেকে বিপুল পরিমান লুন্ঠিত মালামাল ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। 

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 01:29 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

সাভার মডেল থানার এএসপি শফিকুল ইসলাম জানান, সোমবার রাতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় এক প্রবাসীর বাড়ির ভাড়া দেয়া একটি ঘর থেকে কিছু অস্ত্রসস্ত্রসহ মালামালগুলো উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- কুমিল্লার চান্দিনা থানার জিরোওয়াশ এলাকার সোহেব ওরফে শিপন (২৩) ও সাভারের আশুলিয়ার মো. হাসান (২৩)। পুলিশের দাবি এরা ডাকাত দলের সদস্য।

এদেরমধ্যে সোমবার সন্ধ্যায় রাজধানীর বকশী বাজার থেকে সোহেবকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে রাতে সাভারের নবীনগর এলাকা থেকে হাসানকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা বিভিন্ন স্থানে ডাকাতির কথা স্বীকার করেছেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।  

উদ্ধারকৃত অস্ত্র ও মালামালগুলোর মধ্যে রয়েছে- তিনটি পিস্তল, চারটি ম্যাগজিন, বেশ কয়েকটি গুলি-কার্তুজ, একটি ল্যাপটপ, আইফোন, বিপুল পরিমান মোবাইল ফোন, স্বর্ণ পরীক্ষার মেশিন, গ্রিল কাটার মেশিন, ড্রিল মেশিন, সেলাই রেঞ্জ, হাতুড়ীসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি।

এছাড়া দুই জনের কাছ থেকে তিন লাখ ৬৮ হাজার ৭৭৭ টাকা জব্দ করা হয়েছে যেগুলো লুন্ঠিত স্বর্ণ বিক্রির টাকা বলে জানিয়েছেন এএসপি শফিকুল।

অভিযান পরিচালনায় এএসপি শফিকুলের সঙ্গে ছিলেন মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার সাহা।  

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইতালি প্রবাসী ওই লোকের বাড়ির একটি ঘর ভাড়া নিয়ে সেখানে লুট করা মালামাল রাখত হাসান ও শিপন। সেখানে তারা বসবাসও করত।