নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- শামীম মিয়া (৩০) ও তার স্ত্রী সুমনা ইসলাম (২৫)। পুলিশ বলছে, শামীম রাজমিস্ত্রীর কাজ করতেন। আর সুমনা স্থানীয় একটি পোশাক কারখানার কর্মী ছিলেন ।
ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, দুই মাস আগে ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার আমির আলীর বাড়িতে একটি ঘর ভাড়া নেন শামীম ও সুমনা।
সকালে তাদের ঘরের দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে গিয়ে দেখেন, সুমনা মেঝের ওপর পড়ে আছেন এবং জানালায় গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে শামীমের দেহ।
ওসি বলেন, “ধারণা করা হচ্ছে পারিবারি কলহের জেরে শামীম প্রথমে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে এবং পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।”
এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।
