২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর বটির কোপে ‘ক্ষত-বিক্ষত’ মারজান

বিয়ের নয় মাসের মাথায় স্বামীর নির্যাতনে ‘ক্ষত-বিক্ষত’ হয়েছেন সদ্য কৈশোর উত্তীর্ণ মারজান আক্তার।

লিটন হায়দার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 10:44 PM

Updated : 13 Oct 2022, 12:20 PM

১৯ বছরের এই তরুণীর মাথা, ঘাড় ও চোখে বটির কোপ;  ক্ষতস্থানগুলোতে চার শতাধিক সেলাই পড়েছে । ক্ষত সারাতে এখন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ছুটতে হচ্ছে তাকে।

গত  ৪ জুলাই রাতে রাজধানীর ওয়ারিতে বাবার বাড়িতে থাকাকালে স্বামী আরিফ শেখের (২৮) হামলার শিকার হন মারজান।

এই ঘটনায় মারজানের বাবা শাহজাদা বেপারি ওয়ারি থানায় একটি মামলা করলেও এখনো আসামি আরিফকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

শাহজাদা বেপারি জানান, তার তিন মেয়ে এক ছেলের মধ্যে সবার ছোট মারজান। তিনি ওয়ারির সিলভারডেল প্রিপারেটরি উচ্চ বালিকা বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী। প্রায় নয় মাস আগে তার বোনের ছেলে আরিফের সঙ্গে পারিবারিকভাবেই বিয়ে হয় মারজানের।

আরিফ প্লেইন শিটের ব্যবসা করেন। শাহজাদা বেপারিও একই ব্যবসা করেন।

সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন মারজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিয়ের পর কিছুদিন তাদের সংসার ভালই চলছিল। সম্প্রতি জমি কেনার জন্য তার বাবার কাছ থেকে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আরিফ।

ওই টাকার জন্য নানাভাবে অত্যাচার শুরু করলে কিছুদিন আগে বাবার বাসায় চলে আসেন তিনি।

এরপর গত ৪ জুলাই সন্ধ্যায় হঠাৎ করে আরিফ তাদের বাসায় আসেন বলে জানান মারজানের বাবা শাহজাদা বেপারি।

“মারজানকে নির্যাতন ও যৌতুক দাবির জন্য দুঃখ প্রকাশ করে মাফ চায়। তখন মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেই আরিফের কথা মেনে নিয়ে ওই রাতে তাকে বাসায় থাকার জন্য বলি,” বলেন তিনি।

মারজান বলেন, “ওই রাতে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল-জার্মানির সেমিফাইনাল খেলা ছিল। কিন্তু শরীর খারাপ থাকায় খেলা না দেখে ঘুমিয়ে পড়ি। হঠাৎ মধ্যরাতে অরিফ ঘুম থেকে তুলে আমার উপর নানাভাবে নির্যাতন চালায়।কিছু খাওয়ানোর চেষ্টা করে। একই সাথে সে ৫ লাখ টাকার দাবি তুললে তা নিয়ে কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে ওড়না দিয়ে আমার হাত, পা ও চোখ-মুখ বেঁধে ফেলে। পরে সে দরজা খুলে দ্রুত ঘর থেকে বের হয়ে রান্নাঘর থেকে বটি এনে এলোপাতাড়ি কোপাতে থাকে।”

ধস্তাধস্তির শব্দ শুনে মারজানের ভাই রনি বেপারি ঘরের ভেতর ঢুকে আরিফকে থামানোর চেষ্টা করলে আরিফ তার উপরও হামলা চালায়।

রনি বলেন, “থামানোর চেষ্টাকালে আমার মাথায় কোপ দেওয়ার চেষ্টা করে আরিফ। এসময় সরে গেলে আমার ডান হাতের আঙ্গুলে লাগে।এতে একটি আঙ্গুল প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় “

এসময় তাদের চিৎকারে অন্যরা এগিয়ে এলে আরিফ দৌড়ে পালিয়ে যায় বলে জানান তিনি।

শাহজাদা বেপারি জানান, রক্তাক্ত অবস্থায় মারজানকে মেঝেতে পড়ে থাকতে দেখে মনে হয়েছিল মেয়ে আর বেঁচে নেই। এক সময় ক্ষীণ কণ্ঠে সে বাঁচানোর জন্য বলে। এরপরেই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

সেখানে দুইদিন চিকিৎসার পর চোখের অবস্থা গুরুতর হওয়ায় মারজানকে আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউটে নেয়া হয়। সেখানে ভর্তি রেখে কিছুদিন চিকিৎসার পর শনিবার তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই হাসপাতালে মারজানের কাছে পালাক্রমে সময় কাটাচ্ছেন তার মা আর দুই বোন। তার মাথার লম্বাচুল ফেলে ন্যাড়া করে দেয়া হয়েছে। গলায় আঘাত পাওয়ায় কথা বলতে কষ্ট হয় মেয়েটির।

মারজানের পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনার পর পুলিশ শুধু একবার হাসপাতালে এসে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। এরপরে কোনো খোঁজও নেয়নি। প্রায় সাত দিন পার হওয়ার পর সাংবাদিকরা বিষয়টি জেনে যাওয়ায় গত শনিবার থেকে পুলিশ মোবাইলে খোঁজ-খবর নিচ্ছে এবং আসামি আরিফের অবস্থান জানতে চাইছে।

শাহজাদা বেপারি বলেন, “আরিফের সাথে তার বাবা-মা  ও ভাইদের যোগাযোগ রযেছে বলে আমরা জানতে পেরেছি। তাকে গ্রেপ্তারে পুলিশের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। একদিনও আরিফের  বাসায় যায়নি।”

আরিফের বাবা রফিক শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরিফ তার ছোট ছেলে। বড় ছেলে আনিসকে নিয়ে তিনি অন্য বাড়িতে থাকেন। আরিফ তার মাকে নিয়ে আলাদা বাসায় থাকে। ঘটনার পর থেকে আরিফের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।

এ বিষয়ে পুলিশের ওয়ারি জোনের উপকমিশনার মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মারজানের পরিবারের সঙ্গে পুলিশের যোগাযোগ অব্যাহত রয়েছে। এই মামলার একমাত্র আসামি আরিফকে ছাড় দেয়ার কোন সুযোগ নেই। তাকে গ্রেপ্তারে সব ধরনের চেষ্টা করা হচ্ছে।

“আশা করা যাচ্ছে, খুব শিগগিরই আরিফ ধরা পড়বে।”