খুলনা ও গোপালগঞ্জের বাস দ্বিতীয় দিনও বন্ধ
মোটর শ্রমিকদের মারামারির ঘটনার জেরে খুলনা-গোপালগঞ্জ-মাওয়া রুটে গোপালগঞ্জ ও খুলনার বাস চলাচল সোমবারও বন্ধ রয়েছে। এতে যাত্রীদের ভোগান্তিতে অব্যাহত থাকে।
এদিকে, শ্রমিকদের মারধরের প্রতিবাদে সোমবার থেকে খুলনা বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়ন এই রুটে তাদের পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
রোববার খুলনার সোনাডাঙা বাসস্ট্যান্ডে গোপালগঞ্জের দুই শ্রমিককে মারধর করার জেরে এ লাইনে চলাচলকারী খুলনা ও গোপালগঞ্জের বাসগুলো বন্ধ করে দেয়া হয়।
তবে, এ রুটে খুলনা ও গোপালগঞ্জের বাস ছাড়া অন্য এলাকার বাস চলছে যথারীতি।
খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন, খুলনা ও গোপালগঞ্জের মোটর শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনার সমাধান করে দেওয়া হয়েছিল। তারপরও গোপালগঞ্জের শ্রমিকরা খুলনার শ্রমিকদের মারধর করেছে।
এর প্রতিবাদে শ্রমিকরা বাস বন্ধ রেখে সোমবার থেকে খুলনা-গোপালগঞ্জ-মাওয়া রুটে ধর্মঘট পালন করছে।
শ্রমিক ও বাস রক্ষার জন্যই খুলনা থেকে মাওয়া রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এ রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানান।
গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. বুলবুল ইসলাম বলেন, শ্রমিককে মারধরের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত গোপালগঞ্জের উপর দিয়ে খুলনার কোনো গাড়ি চলাচল করতে দেয়া হবে না।
বাসযাত্রী খুলনার শরাফপুর গ্রামের লিমন বলেন, শ্রমিকদের দ্বন্দ্বের জেরে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীর দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
রোববার দুপুরে গোপালগঞ্জের বাঁধন পরিবহনের একটি বাস খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে পৌঁছায়। ওই সময় সেখানে পার্কিংয়ে থাকা কালিগঞ্জগামী একটি বাসের শ্রমিকরা বাঁধন পরিবহনের বাসের শ্রমিকদের সাইড দিতে বলেন। সাইড দিতে দেরি হওয়ায় তারা বাঁধন পরিবহনের চালক ফারজু ও সহকারী মিঠুনকে মারপিট করে।
সেখানে উপস্থিত গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মোল্লা ও দপ্তর সম্পাদক আজগার আলী মারপিট ঠেকাতে গেলে কালিগঞ্জগামী বাসের শ্রমিকরা তাদের লাঞ্ছিত করে।
এ খবর পাওয়ার পর গোপালগঞ্জে বাস শ্রমিকরা জেলা শহরের পুলিশ লাইনের সামনে খুলনার পাঁচ শ্রমিককে মারধর করে। এরপর গোপালগঞ্জের মোটর শ্রমিকরা খুলনার বাস বন্ধ করে দেয়।
