চট্টগ্রামের হালিশহরের ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
আদালত ভবন থেকে আসামি পালানোর ঘটনায় হালিশহর থানার চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে নগর পুলিশ কর্তৃপক্ষ।
তারা হলেন- এএসআই আব্দুর রাজ্জাক, কনস্টেবল গোপি নাথ, শহীদুল ইসলাম ও জিয়াউল হক।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দায়িত্বে অবহেলার কারণে সোমবার তাদের বরখাস্ত করা হয়েছে।
শনিবার গভীর রাতে নগরীর হালিশহর জি-ব্লক খাল পাড় থেকে ডাকাতির প্রস্তুতিকালে মোখলেসুর (২১), আব্দুল আলম ওরফে নয়ন (২০), মো. মোস্তফা হোসেন ওরফে রানা (২৫) ও মো. নজরুল ইসলাম নামে চার ব্যক্তিকে গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশ।
রোববার বিকালে আদালতে হাজির করে তাদের দোতলা থেকে নিচতলার হাজতে নেয়ার সময় মোস্তফা হোসেন রানা হাতকড়া খুলে পালিয়ে যায়।
তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দায়িত্বে অবহেলার কারণে এ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
