২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ কম্প্রেসার স্টেশনের একটি ইউনিট চালু

জাতীয় গ্যাস সঞ্চালন লাইনে গ্যাসের চাপ স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বসানো কম্প্রেসর স্টেশনের চারটি ইউনিটের মধ্যে একটির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 07:48 PM

Updated : 13 Oct 2022, 12:20 PM

আশুগঞ্জ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) উপ-মহাব্যবস্থাপক আবদুল মোমেন জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় ইউনিটটি চালু করা হয়।

পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে ৭২ ঘণ্টা চালানো গেলে বাণিজ্যিকভাবেও এটি চালানো সম্ভব হবে বলে জানান তিনি।

এর আগে গত ৫ এপ্রিল স্টেশনের চারটি ইউনিট পরীক্ষামূলকভাবে চালু করা হলেও তখন তা সফল হয়নি।

জিটিসিএল কর্মকর্তা মোমেন জানান, একটি ইউনিট ঠিকঠাক চললে চট্টগ্রাম ও ডেমরা লাইনের গ্রাহকদের সমস্যা কেটে যাবে।

“দেশের পূর্বাঞ্চলের গ্যাসক্ষেত্রগুলো থেকে উৎপাদিত গ্যাস দুটি পাইপ লাইনে সরবরাহ করা হয় জিটিসিএলের আশুগঞ্জ স্টেশনে। এখান থেকে চারটি পাইপ লাইনে ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী অঞ্চলে গ্যাস সরবরাহ করা হচ্ছে।”

কর্মকর্তারা জানান, উত্তোলিত গ্যাস এক হাজার পিএসআই (পাউন্ড পার স্কয়ার ইঞ্চি) চাপে গ্রাহকের কাছে পৌঁছনোর কথা থাকলেও সরবরাহ লাইনের বিপরীতমুখী চাপ এবং দূরত্ব অনুসারে ধীরে ধীরে তা কমতে থাকে।

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস ও হবিগঞ্জ গ্যাসক্ষেত্র থেকে গ্রিড লাইনে গ্যাস সরবরাহ করা গ্যাস আশুগঞ্জে পৌঁছতে পৌঁছতে এর চাপ কমে ৭৫০ পিএসআই, ঢাকা ও আশপাশের এলাকায় পৌঁছে পাঁচ থেকে ছয়শ পিএসআই এবং খুলনা-রাজশাহী অঞ্চলে চারশ পিএসআই বা তারও নিচে নেমে যায়। এভাবে চাপ কমার ফলে গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটে।

জিটিসিএল কর্মকর্তারা আশা করছেন, কম্প্রেসর স্টেশনটি পুরোদমে চালু হলে এ সমস্যা কেটে যাবে।

আবদুল মোমেন বলেন, “স্টেশন পুরোপুরি চালু হলে সব সঞ্চালন লাইনে গ্যাসের চাপ ৭০০ থেকে এক হাজার পিএসআইয়ে উন্নীত হবে।”

দক্ষিণ কোরিয়ার কোম্পানি হুন্দাই প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে আশুগঞ্জের কমপ্রেসার স্টেশনটি নির্মাণ করছে। এছাড়া টাঙ্গাইলের এলেঙ্গায় ৬০০ কোটি টাকা ব্যয়ে আরেকটি কমপ্রেসার স্টেশন স্থাপন করা হচ্ছে।